জার্মানিতে কট্টর ইসলামপন্থীরা সেখানকার শরণার্থীদের দলে নেওয়ার চেষ্টা করছে। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
দক্ষিণাঞ্চলীয় রাজ্য ব্যাভারিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তা ডিপিএকে বলেন, ইসলামি কট্টরপন্থীরা তরুণ ও নিঃসঙ্গ শরণার্থীদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। পরিবার ও দেশ ছেড়ে যেসব তরুণ জার্মানিতে এসেছেন, তাঁরা স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হয়ে সাহায্য পেতে চান। ওই শরণার্থী তরুণদের নিরাপত্তাহীনতা ও দুরবস্থার সুযোগ নিতে চায় কট্টর ইসলামপন্থীরা।
জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার গোয়েন্দা সংস্থাও শরণার্থীদের সঙ্গে কট্টর ইসলামপন্থীদের যোগাযোগের একই ধরনের খবর দিয়ে গত মঙ্গলবার বলেছে, কট্টরপন্থীরা ভুয়া দাতব্য সংস্থার নাম করে জার্মানিতে আশ্রয়প্রার্থীদের কাছাকাছি পৌঁছাচ্ছে।
নির্দিষ্ট সংখ্যা বা কোটাব্যবস্থায় জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া ও ব্যাভারিয়া অঞ্চলে জায়গা পাবে অধিকাংশ আশ্রয়প্রার্থী। দেশটিতে চলতি বছর আট লাখ মানুষ আশ্রয় চাইবে বলে ধারণা করা হচ্ছে, যা গত বছরের তুলনায় চার গুণ বেশি। আশ্রয়–প্রার্থীর অনেকেই সিরিয়ার নাগরিক।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টাইনমায়ার গতকাল বলেন, চলতি সপ্তাহের শেষ দুই দিনে তাঁর দেশে দক্ষিণাঞ্চল দিয়ে আরও ৪০ হাজার শরণার্থী প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে নজিরবিহীন সংখ্যায় শরণার্থীরা প্রবেশ করছে। এটা ইইউর জন্য যেকোনো সময়ের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে।