শরণার্থীদের সাহায্য করতে বিয়ের জাঁকজমক বাদ!

কানাডার টরন্টোর জুটি সামান্থা জ্যাকসন ও ফারজিন ইউসেফিনের ইচ্ছা ছিল, বিয়ের পর জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান আয়োজনের। কিন্তু একটি সিরীয় শরণার্থী পরিবারকে সাহায্য করার জন্য তাঁরা সেই ইচ্ছায় লাগাম দিয়েছেন। খবর বিবিসির।
কানাডার ওই জুটি নিজেদের বিয়েতে উপহারের পরিবর্তে শরণার্থীদের জন্য সাহায্যের অনুরোধ করেছেন। আর তাঁদের এমন সিদ্ধান্তে সমর্থন পেয়েছেন নিজেদের পরিবার ও বন্ধুবান্ধবের কাছ থেকে। তিন সপ্তাহ ধরে তহবিল তুলে তাঁরা কানাডায় ওই শরণার্থী পরিবারটিকে স্বাগত জানাতে চান। এরই মধ্যে ২২ হাজার ৭৫০ কানাডীয় ডলার সংগ্রহীত হয়েছে। সামান্থা ও ফারজিনের আশা—অর্থের পরিমাণ ২৭ হাজার ডলারে গিয়ে পৌঁছাবে। আর সেই অর্থ দিয়ে চার সদস্যের এক সিরীয় পরিবারকে সাহায্য করা যাবে।
বিয়ের পরিকল্পনা করার সময় শিশু আয়লান কুর্দির ছবিটি নজরে আসে সামান্থা-ফারজিন জুটির। সিরিয়ার অভিবসান-প্রত্যাশী শিশুটির লাশ নৌকাডুবির পর তুরস্কের একটি সৈকতে ভেসে উঠেছিল। তা নিয়ে সারা বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তখনই ওই দম্পতি অনুভব করেন, তাঁরা বিপন্ন শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করতে নিজেদের বিয়ের অনুষ্ঠানটিকে কাজে লাগাতে পারেন।
ফারজিন ইউসেফিয়ান বিবিসিকে বলেন, বিয়ের অনুষ্ঠানকে কেবল নিজেদের মধ্যে না রেখে বড় পরিসরে ছড়িয়ে দিতে পেরে তাঁরা খুশি। তিনি বলেন, ‘কানাডীয়রা কিছু মূল্যবোধ সযত্নে লালন করে। আমাদের সিদ্ধান্ত এরই প্রতিফলন।’ তাঁদের এই উদ্যোগের মাধ্যমে অন্যরাও অনুপ্রাণিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বের অন্যতম শীর্ষ সম্পদশালী দেশ কানাডা আগামী বছরের শেষ নাগাদ সিরিয়ার ২৫ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার অঙ্গীকার করেছে।