শরণার্থীবিরোধী উদ্যোগ নস্যাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙ্গেরিতে শরণার্থীদের পুনর্বাসনের সুযোগ বন্ধ করা নিয়ে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সংবিধান পরিবর্তনের বিল প্রত্যাখ্যান করেছেন আইনপ্রণেতারা। গতকাল মঙ্গলবার পার্লামেন্টে কট্টর ডানপন্থী দল জোবিক বিলটিতে সমর্থন দিতে অস্বীকৃতি জানালে এটি নাকচ হয়ে যায়। প্রধানমন্ত্রী অরবানের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দলের ১৩১ এমপির সবাই ওই বিলের পক্ষে ভোট দেন। তবে আরও দুটি ভোট আদায়ে ব্যর্থ হওয়ায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিলটি। প্রত্যাখ্যানের এ অপ্রত্যাশিত ঘটনাটি হাঙ্গেরির জনপ্রিয় এ প্রধানমন্ত্রীর জন্য বিরল বাধাস্বরূপ। পর্যবেক্ষকেরা বলেন, ২০১৮ সালের নির্বাচন সামনে রেখে মঙ্গলবারের এ ভোটাভুটি ক্ষমতাসীন দল ফিদেজ ও বিরোধী জোবিকের মধ্যে ক্রমবর্ধমান ক্ষমতা দখলের লড়াইয়ের নতুন দৃশ্যপট তৈরি করতে পারে।