ইউরোপের অভিবাসনবিষয়ক প্রধান দিমিত্রিস আভ্রোমোপুলোস বলেছেন, নতুন নতুন অভিবাসী-শরণার্থীর অব্যাহত ঢলে দিশেহারা হয়ে পড়েছে গ্রিস। এই সংকট মোকাবিলায় বিশ্বকে এখনই ব্যবস্থা নিতে হবে। খবর বিবিসির।
বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার নতুন অভিবাসী-শরণার্থী দক্ষিণ ইউরোপের দেশ গ্রিসে ঢুকছে। সেখান থেকে তারা উত্তর ও পশ্চিম ইউরোপের অনেক বেশি ধনী দেশগুলোতে যেতে চায়। কিন্তু ইইউর কয়েকটি দেশ তাদের সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করায় গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে আটকা পড়েছে ১০ হাজারের বেশি শরণার্থী। এ সংখ্যা দিন দিন বাড়ছে।
এমন প্রেক্ষাপটে অভিবাসন-বিষয়ক ইউরোপীয় কমিশনার দিমিত্রিস বলছেন, গ্রিসকে সহায়তায় অন্য রাষ্ট্রগুলোকে এখনই এগিয়ে আসতে হবে। তিনি বিবিসিকে বলেন, ‘শরণার্থীদের এ প্রবাহের কারণে দিশেহারা হয়ে পড়েছে গ্রিস। আমাদের পুরো ইউরোপীয় ইউনিয়নকে এক কাতারে আনতে হবে। এই সমস্যাকে আঞ্চলিক হিসেবে না দেখে বরং অবশ্যই আমাদের একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দেখতে হবে।’
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইইউর কর্মকর্তারা গ্রিসকে শরণার্থী সামলাতে এ বছর ৩০ কোটি ইউরো দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেন। পরিকল্পনাটি পাস হলে সব মিলিয়ে তিন বছরে দেশটিকে ৭০ কোটি ইউরো দেওয়া হতে পারে।
চলতি বছরের প্রথম তিন মাসেই সাগর পাড়ি দিয়ে গ্রিসের উপকূলে পৌঁছেছে ১ লাখ ২৫ হাজার শরণার্থী। গত বছরের একই সময়ের চেয়ে সংখ্যাটা ১২ গুণ বেশি। দাপ্তরিক হিসাবেই গত বছর সব মিলিয়ে ইউরোপে গেছে ১২ লাখ শরণার্থী। বেশির ভাগই সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষ। মূলত তুরস্ক হয়ে নৌকায় করে সাগরপথে তারা ইউরোপের মূল ভূখণ্ডে ঢুকছে। প্রথম দিকে বেশ কিছুদিন তারা গ্রিস থেকে অন্যত্র যেতে পারছিল। কিন্তু একপর্যায়ে ইউরোপের ২৬ দেশের পাসপোর্টমুক্ত শেঙ্গেন অঞ্চলে ইদানীং কড়াকড়ি আরোপ হওয়ায় শরণার্থীদের বেশির ভাগই আটকে পড়ছে গ্রিসে। গেল বছর ইইউর কয়েকটি দেশ মোট ১ লাখ ৬০ হাজার আশ্রয়প্রার্থীকে গ্রিস, ইতালি ও হাঙ্গেরি থেকে সরিয়ে বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা অনুমোদন করলেও তার বাস্তবায়নে গতি নেই।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক গত শুক্রবারই সতর্ক করে দিয়ে বলেন, তুরস্ক থেকে এখনো যে হারে শরণার্থী আসছে, তা প্রত্যাশার চেয়ে খুবই বেশি। তবে এই হার শিগগিরই কমে যেতে পারে বলে এখন আশা করছেন তিনি।
এদিকে এএফপি জানিয়েছে, শরণার্থী সংকট নিয়ে প্রথমবারের মতো মতৈক্য দেখতে পাচ্ছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক। সিরিয়ার বাইরের দেশগুলোর অভিবাসীদের তুরস্ক ফিরিয়ে নিতে পারে, এমন আভাসের প্রেক্ষাপটে এ আশার আলো দেখছেন তিনি।
আগামীকাল সোমবার ব্রাসেলসে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে লম্বা এক কূটনৈতিক সফরের পর টাস্ক অনুমান করছেন, অভিবাসীরা ইউরোপে ঢুকতে যে পশ্চিম বলকান রুট ব্যবহার করছে, তা বন্ধ করার একটি চুক্তি এখন হাতের নাগালে রয়েছে। এই সফরের অংশ হিসেবে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। সোমবারের বৈঠকে আঙ্কারাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠক উপলক্ষে নেতাদের কাছে পাঠানো এক আমন্ত্রণপত্রে ডোনাল্ড টাস্ক বলেন, ‘এই শরণার্থী সংকট শুরুর পর এই প্রথম আমি একটি ইউরোপীয় মতৈক্য দেখতে পারছি।’
অবশ্য, টাস্ক সতর্ক করে দিয়ে বলেছেন, সফলতার বেশির ভাগই এখন নির্ভর করছে গ্রিস থেকে অর্থনৈতিক অভিবাসীদের ব্যাপকভাবে ফিরিয়ে নিতে ব্রাসেলস বৈঠকে তুরস্ককে রাজি করানো এবং নতুন শরণার্থীর আগমন কমানোর ওপরে।
যেসব দেশ যুদ্ধপীড়িত নয়, সেসব দেশের আশ্রয়প্রার্থীদের অর্থনৈতিক অভিবাসী বলে থাকে ইউরোপ।
এদিকে ইইউ-প্রধানের প্রত্যাশার প্রতি সবুজ সংকেত দিয়ে তুরস্ক বলেছে, তারা সিরিয়ার বাইরের বিভিন্ন দেশের অভিবাসীদেরও ফিরিয়ে নেওয়ার সম্ভাব্যতা যাচাই করে দেখছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গতকাল এথেন্সে গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস কটজিয়াসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা বিশেষ করে মরক্কো, পাকিস্তান ও আফগানিস্তানের অভিবাসীদের আশ্রয় প্রার্থনা পুনরায় মঞ্জুর করার সম্ভাব্যতা খতিয়ে দেখছি। আমরা এরই মধ্যে এ বিষয়ে গ্রিস, বুলগেরিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করেছি। অন্যদের সঙ্গেও এমন চুক্তির প্রস্তুতি নিচ্ছি।’