শরণার্থীর সংখ্যা বেঁধে দেওয়া নিয়ে সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধেয়ে আসা শরণার্থীর ঢল সামাল দেওয়া নিয়ে নতুন করে চাপের মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। সংকট কাটিয়ে ওঠার চেষ্টায় ইইউ এবং এ জোটের বাইরের বলকান অঞ্চলের দেশগুলোর নেতারা গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসেন। খবর বিবিসির।
বলকান অঞ্চলের কয়েকটি দেশ ও অস্ট্রিয়া তাদের ভূখণ্ডে শরণার্থী ঢোকা বন্ধ কিংবা সীমিত করতে যেসব পরিকল্পনা করেছে, তা নিয়ে ব্রাসেলসে আলোচনা করেন ইইউভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা।
শরণার্থী ঠেকাতে বলকান দেশ সার্বিয়া ও মেসিডোনিয়া ইতিমধ্যে কড়াকড়ি আরোপ করায় গ্রিস ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গ্রিসের আশঙ্কা, বলকান দেশগুলো শরণার্থীদের ঢুকতে না দিলে পুরো চাপ তাদের ওপর এসে পড়বে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত এই সমস্যার সমাধান করা না গেলে ইইউ থেকে চলতি বছরেই যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে।
গত জানুয়ারি থেকে বছরের এ পর্যন্ত ইউরোপে মধ্যপ্রাচ্য ও এশিয়ার অন্য দেশগুলো থেকে এক লাখের বেশি শরণার্থী ইউরোপে ঢুকেছে। এদের বেশির ভাগই গ্রিস হয়ে বলকান অঞ্চলের আরও কয়েকটি দেশ পেরিয়ে উত্তর বা পশ্চিম ইউরোপে যাচ্ছে। বলকান অঞ্চলের দেশগুলো এখন সব অভিবাসীর আঙুলের ছাপ নিতে এবং পাসপোর্টহীন কিংবা ভুয়া প্রমাণপত্র দাখিল করা লোকজনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তাব করেছে। তবে নিরাপত্তাহীনতার মুখে পড়া অভিবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করার প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি দেশ ‘নিরাপত্তাহীনতার মুখে পড়া’ বলতে শুধু সংঘাতকবলিত ইরাক ও সিরিয়া থেকে আসা অভিবাসীদের ধরবে বলে জানিয়েছে।
মেসিডোনিয়া সম্প্রতি আফগান শরণার্থীদের ঢুকতে দেওয়া বন্ধ করে দিয়েছে। বলকান নেতাদের পরিকল্পনার সমালোচনা করে গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বলেছেন, অভিবাসীদের পুনর্বাসনের দায় সবাইকে সিদ্ধান্ত অনুযায়ী কোটা ভিত্তিতে ভাগাভাগি করে নিতে হবে। তা না হলে গ্রিসও ইইউর অভিবাসী গ্রহণ-বিষয়ক বাধ্যবাধকতা মানবে না। হাঙ্গেরি এ বিষয়ে দেশে গণভোট নেওয়ার কথা বলেছে।
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্দিও বলেছেন, এ বিষয়ে সব পক্ষেরই দায়দায়িত্ব ভাগ করে নিতে হবে।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোহানা মিলক লেইথনার বলেছেন, দ্রুত এ বিষয়ে সমাধান করা না গেলে ইইউ অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে।
গত সেপ্টেম্বরে ইইউ মন্ত্রীরা ইতালি, গ্রিস ও হাঙ্গেরি থেকে ১ লাখ ২০ হাজার অভিবাসী ইইউর অন্য দেশগুলোতে পুনর্বাসন করার বিষয়ে সম্মত হন। তবে হাঙ্গেরির মতো বলকান অঞ্চলের কয়েকটি দেশ এ সিদ্ধান্তের বিরোধিতা করে।