
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, তাঁর দেশ কাউকে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে বাধা দেবে না। জার্মানি আইনগতভাবে কতজনকে রাজনৈতিক আশ্রয় দিতে পারবে তার কোনো আইনি সীমাও থাকবে না। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিপন্ন শরণার্থীদের বিরুদ্ধে যেকোনো বিদ্বেষ বা হামলা শক্ত হাতে দমন করা হবে।
জার্মানির প্রচারমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে চ্যান্সেলর ম্যার্কেল বলেন, অভিবাসীদের জন্য যা করা প্রয়োজন একটি শক্তিশালী ও দৃঢ় অর্থনীতির দেশ হিসেবে তা করার সামর্থ্য জার্মানির আছে। তবে দেশটির ইতিমধ্যে জানিয়ে দেওয়া অবস্থান পুনর্ব্যক্ত করে ম্যার্কেল বলেন, যারা আশ্রয় পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারবে না, তাদের নিজ দেশে ফিরতে হবে।
অভিবাসীদের স্রোত জার্মানিমুখী অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে দেশটিতে অভিবাসনবিরোধী উগ্রপন্থীরা সক্রিয় হয়ে উঠতে পারে—এ আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সকালে এক বিবৃতিতে চ্যান্সেলর ম্যার্কেল তাদের হুঁশিয়ার করে দেন।
জার্মানির প্রেসিডেন্ট আখিম গাউইকও গতকাল এক বিবৃতিতে মানবিক কারণে জার্মানিতে আসা শরণার্থীদের পাশে দাঁড়ানোর জন্য দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি মার্টিন শুলজ এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শুলজ বলেন, সৎ ও মানবিক ইচ্ছা থাকলে দ্রুতই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা যায়।
অভিবাসন-সংকট নিয়ে শুক্রবার দিবাগত গভীর রাত পর্যন্ত জার্মানি, অস্ট্রিয়া ও হাঙ্গেরির সরকারপ্রধানেরা আলোচনা করেন। আলোচনার শেষে হাঙ্গেরিতে অবস্থানরত এবং অস্ট্রিয়া ও জার্মানির সীমান্তের দিকে পদযাত্রারত কয়েক হাজার শরণার্থীকে অস্ট্রিয়া ও জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
গতকাল ভোরে জার্মানি সরকারের একজন প্রতিনিধি গ্রিওগ স্ট্রাইটার জানান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং অস্ট্রিয়া ও জার্মানির দুই চ্যান্সেলরের দীর্ঘ আলোচনার ভিত্তিতে হাঙ্গেরিতে অবস্থানরত শরণার্থীদের অস্ট্রিয়া ও জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
অস্ট্রিয়া সীমান্তের তুলনামূলক কাছে অবস্থিত দক্ষিণ জার্মানির মিউনিখ শহর। সেখানকার কর্তৃপক্ষ গতকাল শরণার্থীদের সাময়িকভাবে পুনর্বাসনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সরকার শহরবাসীদেরও বিপন্ন অভিবাসীদের সাহায্য করার জন্য অনুরোধ করেছে। গত বৃহস্পতিবার মিউনিখে আড়াই হাজার শরণার্থী পৌঁছার পর তাদের সাহায্য-সহযোগিতা করতে নগরবাসী বিশেষ দৃষ্টান্ত দেখিয়েছিলেন।
গত বুধবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কেলেটি স্টেশন থেকে ট্রেনযোগে শরণার্থীরা অস্ট্রিয়া ও জার্মানির পথে রওনা হতে পেরেছিল। তবে পরের দুই দিন হাঙ্গেরি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও ডাবলিন শরণার্থী চুক্তির আলোকে শরণার্থীদের ট্রেনযোগে অন্যত্র ভ্রমণে বাধা দেয়। অনেককে ট্রেন থেকে নামিয়ে ক্যাম্পে নিয়ে তোলা হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রায় দুই হাজার শরণার্থী মহাসড়ক ধরে অস্ট্রিয়া ও জার্মানির সীমান্তের দিকে হেঁটেই রওনা হয়।