শরণার্থীরা ক্রোয়েশিয়ার পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্বিয়া থেকে হাঙ্গেরিতে ঢুকতে চায় এই শরণার্থীরা। কিন্তু পুলিশ কঠোর। শরণার্থীদের পিছু হটাতে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় হাঙ্গেরির দাঙ্গা পুলিশ। এ দৃশ্যটি গতকাল সার্বিয়ার সীমান্তবর্তী শহর হোরগোসের। এ শরণার্থীদের বেশির ভাগের গন্তব্য জার্মানি l ছবি: এএফপি
সার্বিয়া থেকে হাঙ্গেরিতে ঢুকতে চায় এই শরণার্থীরা। কিন্তু পুলিশ কঠোর। শরণার্থীদের পিছু হটাতে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় হাঙ্গেরির দাঙ্গা পুলিশ। এ দৃশ্যটি গতকাল সার্বিয়ার সীমান্তবর্তী শহর হোরগোসের। এ শরণার্থীদের বেশির ভাগের গন্তব্য জার্মানি l ছবি: এএফপি

হাঙ্গেরিতে প্রবেশের পথ বন্ধ। শরণার্থীরা তাই অন্য পথ বেছে নিচ্ছে। সার্বিয়া থেকে সীমানা পেরিয়ে গতকাল বুধবার ক্রোয়েশিয়ায় ঢুকেছে প্রায় ১৫০ জন শরণার্থী। সেখান থেকে স্লোভেনিয়া হয়ে উত্তর ইউরোপের পথ ধরবে তারা। লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমৃদ্ধ কোনো দেশে আশ্রয়।
সার্বিয়া সীমান্তে শত শত শরণার্থী গতকাল বিক্ষোভ করে। জোর করে সীমান্ত পেরোনোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও লাঠি ছুড়ে মারে। জবাবে হাঙ্গেরির পুলিশ রোজসকে এলাকায় শরণার্থীদের লক্ষ্য করে জলকামানের পানি এবং কাঁদানে গ্যাসও ছোড়ে। খবর এএফপি, রয়টার্স, বিবিসি ও আল-জাজিরার।
হাঙ্গেরির পথ বন্ধ হয়ে যাওয়ায় হাজারো মানুষ এখন বলকান অঞ্চলে ঘুরছে। উত্তর বা পশ্চিম ইউরোপে যাওয়ার জন্য তারা ক্রোয়েশিয়া ও রোমানিয়ার ভূখণ্ড অতিক্রম করার চেষ্টা করতে পারে। এ দুটি দেশ ইইউর অন্তর্ভুক্ত হলেও শেংগেন অঞ্চলের বাইরে।
শরণার্থীদের আপাতত জায়গা দিলেও পরে তাদের কাঙ্ক্ষিত অন্য দেশের ‘পথ দেখিয়ে দিতে’ প্রস্তুত রয়েছে ক্রোয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ গতকাল পার্লামেন্টে এ কথা বলেছেন। মূলত সিরিয়া থেকে ইউরোপে গেছে এসব মানুষ। তারা জার্মানিতে যেতে চায়। কিন্তু এই শরণার্থীদের জায়গা দেওয়া নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়েছে।
ক্রোয়েশিয়ার সীমান্ত এলাকায় এখনো বলকান যুদ্ধের সময়কার ভূমিমাইন রয়ে গেছে বলে দেশটির সংবাদমাধ্যম সতর্ক করে দিয়েছে। শরণার্থীরা এসব মাইন বিস্ফোরণের শিকার হতে পারে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ওই এলাকাগুলো বিশেষভাবে চিহ্নিত এবং নিয়ন্ত্রিত।
শত শত অভিবাসী এখনো সার্বিয়ায় হাঙ্গেরি সীমান্তের কাছে রয়ে গেছে। বুদাপেস্টের কর্তৃপক্ষ ওই সীমান্ত এলাকায় গত মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করে এবং শরণার্থীদের প্রবেশ রুখতে শত শত সেনা ও পুলিশ মোতায়েন করে। সীমান্ত পেরিয়ে যে রেলপথে হাজার হাজার শরণার্থী ইউরোপীয় শেংগেন অঞ্চলে (পাসপোর্ট ভিসামুক্ত চলাচলের সুবিধা রয়েছে) প্রবেশ করে, হাঙ্গেরির পুলিশ সেটা বন্ধ করে দিয়েছে। অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তারা গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬৭ জন আশ্রয়প্রার্থীকে আটক করেছে।
ইইউর সীমান্ত সংস্থা বলছে, চলতি বছর এ পর্যন্ত অন্তত পাঁচ লাখ অভিবাসী ও শরণার্থী ইইউর বিভিন্ন দেশের সীমান্তে গেছে। এসব মানুষের অধিকাংশই সিরিয়া থেকে পালিয়েছে। দেশটিতে ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে।
গত সোমবার পর্যন্ত শরণার্থীদের অনেকে হাঙ্গেরি এবং অস্ট্রিয়া হয়ে জার্মানিতে পৌঁছায়। কিন্তু এ জনস্রোত ঠেকাতে জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্তে কড়াকড়ি এখন অনেক বেশি। হাঙ্গেরির সরকার বলেছে, তারা রোমানিয়া সীমান্তেও কাঁটাতারের বেড়া দিতে পারে। কারণ, শরণার্থীরা ওই সীমান্তপথেও প্রবেশের চেষ্টা করতে পারে। তবে রোমানিয়া বলেছে, হাঙ্গেরি এ ধরনের কাজ করলে সেটা ‘ইউরোপীয় চেতনাবিরোধী’ হবে।
শরণার্থীদের নিয়ে ইউরোপে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে। হাঙ্গেরি বলেছে, তারা ইইউর নিয়ম মেনেই সার্বিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। কারণ, সার্বিয়া একটি নিরাপদ দেশ এবং সেখানে পৌঁছানো শরণার্থীরা সহজেই অন্য কোনো পথে চলে যেতে পারবে।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সরকার ভূমধ্যসাগরে মানবপাচার চক্রের বিরুদ্ধে নৌ অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করছে। মেরকেলের একজন মুখপাত্র গতকাল এসব কথা জানিয়েছেন।
সংকট এতটা জটিল হওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। ৯ হাজার ৩০০ কর্মী নিয়ে সংস্থাটির কার্যক্রমের বার্ষিক বাজেট ৪০০ কোটি মার্কিন ডলার। সমালোচকেরা বলছেন, সংকট নিরসনে ইউএনএইচসিআর পর্যাপ্ত কাজ করেনি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ইউরোপের শরণার্থী সংকট সমাধানে নেতৃত্ব দেওয়ার জন্য জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন। আটলান্টায় আয়োজিত এক অনুষ্ঠানে গত মঙ্গলবার তিনি ওই বক্তব্য দেন।