শলৎজের হাতে কেমন চলবে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির নয়া জামানা শুরু হতে যাচ্ছে ওলাফ শলৎজের হাত ধরে
ছবি: রয়টার্স

জার্মানির নয়া জামানা শুরু হতে যাচ্ছে। আঙ্গেলা ম্যার্কেলের পর ওলাফ শলৎজ নতুন চ্যান্সেলর হয়েছেন। গত বুধবার তিনি ক্ষমতাও নিয়েছেন। এর মধ্য দিয়ে ম্যার্কেলের ১৬ বছরের চ্যান্সেলরজীবন শেষ হয়েছে। নতুন সরকার, নতুন নেতৃত্ব কেমন হবে, তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে।

নেতা হিসেবে ওলাফ শলৎজ কেমন করবেন, সেটা নিয়ে বিচার–বিশ্লেষণের আগে ম্যার্কেলের শাসনামল ও চ্যান্সেলর হিসেবে তাঁর সাফল্য কেমন ছিল, সেই দিকে একবার নজর দেওয়া যেতে পারে।

২০০৫ সালের ঘটনা। ইংরেজি ভাষার বিশ্বকোষ ব্রিটানিকার তথ্য অনুসারে, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)-ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) জোট ৩৫ দশমিক ২ ভোট পায়। কিন্তু সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তারা। এরপর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সমর্থন পেয়ে তিন দল মিলে সরকার গঠন করে। এই সরকারের প্রধান হন ম্যার্কেল। এর মধ্যে দিয়ে পূর্ব জার্মানিতে ইতিহাস সৃষ্টি হয়। কারণ, ম্যার্কেল ছিলেন প্রথম নারী চ্যান্সেলর। জার্মানির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চ্যান্সেলরও তিনি।

ডয়েচে ভেলের দেওয়া তথ্য অনুসারে, ১৯৫৪ সালে হামবুর্গে জন্ম নেওয়া ম্যার্কেল চ্যান্সেলর হওয়ার আগেও সরকারের হয়ে কাজ করেছেন। পদার্থবিদ্যার কৃতী ছাত্রী সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোহলের মন্ত্রিসভায় ছিলেন। ১৯৯৮ সালে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলের সাধারণ সম্পাদক হন ম্যার্কেল। ২০০০ সালে হন দলটির সভানেত্রী।

ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন দলে হেলমুট কোহল-পরবর্তী সময়ে অনেক ঝানু রাজনীতিক থাকলেও ম্যার্কেল তাঁর আপন প্রতিভায় সবাইকে পেছনে ফেলে জার্মানির রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করেন। তাঁর আমলেই সফলভাবে শরণার্থী সংকট মোকাবিলা করেছে জার্মানি। বলা হয়ে থাকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকটটি মোকাবিলা করেছেন জার্মান এই নেতা।

জার্মানির সবচেয়ে দীর্ঘমেয়াদি চ্যান্সেলর ম্যার্কেল। সরকারপ্রধান হওয়ার পর তাঁকে ঘিরে জার্মানির রাজনীতি আবর্তিত হয়েছে। শুধু জার্মানি নয়, ইউরোপের অর্থনৈতিকসংকট মোকাবিলায় কাজ করেছেন তিনি। তাঁর শাসনামলে ইউরোপীয় ইউনিয়নে জার্মানির প্রভাব বেড়েছে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও ভূমিকা রেখেছেন তিনি। নারীর ক্ষমতায়নেও কাজ করেছেন ম্যার্কেল। তাঁর আমলে বেশ কয়েকজন নারী সরকারের গুরুত্বপূর্ণ পদে বসেছেন। এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন নারী।

রাজনীতিতে এমন সাফল্যের চূড়ায় থাকা অবস্থায় রাজনীতি ছাড়লেন ম্যার্কেল। নির্বাচন না করায় তাঁর দলের অবস্থানও দুর্বল হয়ে গেল। ক্ষমতায় এলেন ওলাফ শলৎজ।

ম্যার্কেলের রাজনৈতিকজীবন যেমন দীর্ঘ, তেমনি ওলাফ শলৎজের রাজনৈতিকজীবনও দীর্ঘ। ২০০৫ সালে যে দলের সমর্থন নিয়ে ম্যার্কেল ক্ষমতার মসনদে বসেছিলেন, সেই দল এসপিডির নেতা ওলাফ শলৎজ।

ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে আসেন ওলাফ শলৎজ। ১৭ বছর বয়সে রাজনীতিতে যোগ দেন। ১৯৫৮ সালে জন্ম নেওয়া এই নেতা ১৯৭৫ সালে যোগ দেন এসপিডিতে অর্থাৎ ৪০ বছরেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন তিনি।

আইন নিয়ে পড়াশোনা করা ওলাফ শলৎজ পেশায় ছিলেন আইনজীবী। আইনপ্রণেতা হওয়া আগপর্যন্ত এই পেশায় ছিলেন তিনি। রাজনীতিতে আসার পর বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ওলাফ শলৎজ। কখনো ছিলেন পার্লামেন্টের সদস্য, ছিলেন হামবুর্গ শহরের মেয়র, ছিলেন শ্রম ও অর্থমন্ত্রী। তিনি মন্ত্রী ছিলেন ওই ম্যার্কেল সরকারের আমলেই। কারণ, ম্যার্কেলের দল এসপিডির সঙ্গে জোট করে ক্ষমতায় ছিল।

চ্যান্সেলর হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন আঙ্গেলা ম্যার্কেল। দেশকেও নিয়ে গিয়েছিলেন শক্তিশালী অবস্থানে
ছবি: এএফপি

সরকারের গুরুত্বপূর্ণ পদ ছাড়া দলেরও গুরুত্বপূর্ণ পদে ছিলেন ওলাফ শলৎজ। ১৯৯৮ থেকে ২০০১ ও ২০০২ থেকে ২০১১ পর্যন্ত দলের সহকারী সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওর বিশ্লেষণে বলা হয়েছে, যেকোনো পরিস্থিতি বোঝা ও মোকাবিলা করার মতো ক্ষমতা এই নেতার রয়েছে। রাজনৈতিক অভিজ্ঞতার জায়গা থেকে তাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তুলনা করা হয়।

ওলাফ শলৎজের কিছু গুণাবলি রয়েছে। জার্মানরা তাঁকে ম্যার্কেলের সঙ্গে তুলনা করছেন। মনে করা হচ্ছে, তিনি ম্যার্কেলের মতো শান্ত ও ধীরস্থির, তিনি সংকট মোকাবিলা করতে পারবেন। করোনাকালে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে সরকারি তহবিল থেকে বিশাল অর্থ ছাড়ের ব্যবস্থা করেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন ৭৫ হাজার কোটি মার্কিন ডলারের যে তহবিল গঠন করেছিল, তাতেও অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন শলৎজ।

শলৎজ অভিজ্ঞ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নতুন কাজটা চ্যালেঞ্জিং হবে, সেটা ম্যার্কেল নিজ থেকেই ওলাফকে বলেছেন। আর চ্যান্সেলরের দায়িত্ব পালন করায় ম্যার্কেলকে ধন্যবাদ জানিয়েছেন ওলাফ। তিনি বলেন, ‘কিছু বড় সংকট ছিল। আমাদের এগুলো মোকাবিলা করতে হয়েছে। এর মধ্যে কিছু সংকটের মধ্য দিয়ে আমরা একসঙ্গে গেছি।’ একে অপরের বিশ্বস্ত সহযোগী বলেও উল্লেখ করেছেন তিনি।

জার্মানির নতুন সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, প্রতি কর্মঘণ্টার মূল্যমান বাড়ানো হবে। এই মূল্যমান সাড়ে ১৩ মার্কিন ডলার করার ঘোষণা দিয়েছে সরকার। এটা বাস্তবায়নও হবে সরকারের জন্য চ্যালেঞ্জ। কেন সরকারের জন্য এটা চ্যালেঞ্জ হবে, সেটা জানা যাচ্ছে ডয়েচে ভেলের একটি প্রামাণ্যচিত্র থেকে। এতে বলা হচ্ছে, জার্মানিতে যাঁরা ধনী, তাঁদের সঙ্গে গরিবের আর্থিক ব্যবধান বাড়ছে। এই ধনী শ্রেণিকে সরকারও সহযোগিতা করছে। এ কারণে তাঁদের ইচ্ছার বাইরে গিয়ে ব্যবসা–সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নও কতটা সহজ হবে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

২০৩০ সাল নাগাদ কয়লানির্ভর বিদ্যুৎ উৎপাদন বন্ধের পথে হাঁটবে জার্মানি। এরপর ২০৪৫ সাল নাগাদ কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের পথে হাঁটতে চায় দেশটি। কিন্তু কর না বাড়িয়ে এই বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় কীভাবে পরিবর্তন আনা সম্ভব হবে, সেটা নিয়ে প্রশ্ন থাকছে।

এর বাইরে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। মহামারিতে জার্মানির অর্থনীতির ভঙ্গুর দশা। দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা হবে ওলাফের জন্য বড় চ্যালেঞ্জ। ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে জার্মানিতেও টিকা কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু দেশটির ১ কোটি ৮০ লাখ মানুষ এখনো টিকা নেয়নি। এই জনসাধারণকে টিকার আওতায় আনাটাও ওলাফের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, জার্মানির একটি নতুন ইমেজ বিশ্বের সামনে দাঁড় করিয়েছেন ম্যার্কেল। শরণার্থীদের আশ্রয় দেওয়ায় জার্মানির উদারনৈতিক অবস্থানটি সামনে এসেছে। কিন্তু এর কারণে জার্মানিতে অভ্যন্তরীণ সংকট দেখা দিয়েছে। জার্মানির গণতান্ত্রিক ভিত্তিকে ধাক্কা দিচ্ছে লোকরঞ্জনবাদ। এ প্রসঙ্গে বার্লিনের হুমবল্ড ইউনিভার্সিটির অধ্যাপক ও অভিবাসনবিষয়ক বিশেষজ্ঞ নায়িকা ফোরৌতান বলেন, বিশ্বের সামনে জার্মানির ইমেজ বদলে দিয়েছেন ম্যার্কেল। জার্মানির জন্য সম্মান বয়ে এনেছেন। জার্মানির যে রূপটি সামনে ছিল, তা বদল হয়েছে ম্যার্কেলের কারণে। কিন্তু এটা তিনি করেছেন সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে।

জার্মানির জনসাধারণের একটি অংশ ম্যার্কেলের উদারনৈতিক মনোভাবকে মেনে নেয়নি, সেটা তাঁর চ্যান্সেলরজীবনে শেষ দিনেও প্রকাশ পেয়েছে। বিরোধীরা তাঁর বিরুদ্ধে একরকম বিক্ষোভ করেছেন। আর এখানেই সংকটটা রয়ে যাচ্ছে। কারণ, ওলাফ যে ম্যার্কেলের চেয়ে একেবারে বিপরীত আদর্শের, তা নয়। তিনি ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, শাসনব্যবস্থার সবকিছুর আমূল পরিবর্তন হবে না।

ফলে প্রশ্ন উঠছে, দেশের মানুষের মধ্যে তিনি কি জনপ্রিয় হতে পারবেন? আর ম্যার্কেলের আমলে জনসাধারণের মধ্যে যে বিভেদ দেখা দিয়েছে, সেই বিভেদ দূর হবে কী করে?