শাখারভ পুরস্কার পেলেন দুই ইয়াজিদি নারী
এ বছর ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ মর্যাদাপূর্ণ শাখারভ পুরস্কার পেয়েছেন ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কবল থেকে পালিয়ে আসা সংখ্যালঘু ইয়াজিদি গোষ্ঠীর দুই নারী। গতকাল বৃহস্পতিবারই ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে নাদিয়া মুরাদ বাসি ও লামিয়া হাজি বাশার নামের ওই দুই নারীর হাতে এই পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল।
আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টের একটি সূত্র বিষয়টি এএফপিকে নিশ্চিত করে। আইএস জঙ্গিদের কবল থেকে বেঁচে ফেরার পর এই দুই নারী ইরাক ও তুরস্কের সীমান্ত এলাকার ধর্মীয় সংখ্যালঘু ইয়াজিদি জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষার আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন।
তুরস্কের নির্বাসিত সাংবাদিক কান দুন্দার এবং ক্রিমিয়ার তাতার অধিকারকর্মী মুস্তাফা দজহেলিভও এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।
২০১৪ সালে আইএস জঙ্গিরা কয়েক হাজার ইয়াজিদি নারীকে অপহরণ করে। তাঁদের যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয় বলে অভিযোগ আছে। নাদিয়া ও লামিয়া সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।