শান্তি প্রতিষ্ঠা নিয়ে রাশিয়া ইউক্রেন প্রকাশ্য বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ইউক্রেনে লড়াই বন্ধের পরিকল্পনা অনুযায়ী পরবর্তী করণীয় নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মতবিরোধ প্রকাশ্যে উঠে এসেছে। রুশপন্থী বিদ্রোহীদের হামলায় ইউক্রেনের আরও সেনা হতাহত হওয়ার ঘটনায় অস্ত্রবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ রকম প্রেক্ষাপটে যুক্তরাজ্যের একদল সামরিক বিশেষজ্ঞ ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছেন। খবর রয়টার্স ও বিবিসির।
বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের কয়েকটি এলাকাকে বিশেষ মর্যাদা এবং সীমিত পরিসরে স্বায়ত্তশাসন দিতে ইউক্রেন গত মঙ্গলবার রাজি হয়েছে। তবে সে জন্য ওই এলাকায় ইউক্রেনের আইন অনুযায়ী স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের শর্ত পূরণ করতে হবে। এতে রাশিয়া তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। মস্কোপন্থী বিদ্রোহী নেতারা পূর্বাঞ্চলে ইতিমধ্যে স্বঘোষিত ‘প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন। সেখানে ইউক্রেনের আইন অনুযায়ী নির্বাচনের শর্ত মেনে নিতে তাঁরা রাজি নন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেছেন, বেলারুশের মিনস্কে গত মাসে সম্পাদিত শান্তি চুক্তির শর্তগুলো ইউক্রেনের পার্লামেন্ট নতুন করে লিখতে চায়। জবাবে ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়ার্তসেনিয়ুক বলেন, মিনস্কে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে রাশিয়া এবং ‘সন্ত্রাসীরা’ প্রস্তুত রয়েছে বলে ইউক্রেন মনে করে না।
ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত সরকারি এক বৈঠকে ইয়ার্তসেনিয়ুক বলেন, ‘মিনস্ক চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়ার দুর্বৃত্তদের প্রথমেই ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে চলে যেতে হবে এবং সেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দিতে হবে।’
দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের ফলে চুক্তিটি অকার্যকর হওয়ার আশঙ্কা রয়েছে। ওই চুক্তিতে ইউক্রেনের পূর্বাঞ্চলে স্বশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে বিকেন্দ্রীকরণের কৌশল বাস্তবায়ন করতে চাইছে দেশটির কর্তৃপক্ষ। আর রাশিয়া চাইছে ইউক্রেনের বিদ্রোহীরা আরও ক্ষমতা অর্জন করুক। দেশটির আশা, এতে করে বিদ্রোহীরা জাতীয় নীতি প্রণয়নের বিরোধিতা করার পাশাপাশি পূর্ব ইউক্রেনে গঠিত দুটি ‘প্রজাতন্ত্রের’ স্বীকৃতি আদায় করে নিতে পারবে।
কিয়েভের সামরিক সূত্র জানায়, রুশপন্থী বিদ্রোহীদের হামলায় গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ইউক্রেনের এক সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ছয় হাজার মানুষ নিহত এবং বহু মানুষ ঘরছাড়া হয়েছে। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ অঞ্চলের বড় দুই শহর দোনেৎস্ক ও লুহানস্ক এলাকা এখন বিদ্রোহীদের পূর্ণ নিয়ন্ত্রণে।
প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশরা: দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ শহরে যুক্তরাজ্যের ৩৫ জন সামরিক প্রশিক্ষক স্থানীয় সেনাদের সঙ্গে কাজ শুরু করেছেন। তাঁরা সেখানে প্রায় দুই মাস প্রশিক্ষণ কার্যক্রম চালাবেন। ওই বিশেষজ্ঞরা ইউক্রেনের পূর্বাঞ্চলে চিকিৎসা ও প্রতিরক্ষা এবং অপ্রাণঘাতী সরঞ্জাম সরবরাহের কাজে অংশ নেবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত মাসে ইউক্রেনের জন্য ওই সামরিক সহায়তা কার্যক্রমের পরিকল্পনা ঘোষণা করেন। এই প্রথম কোনো পশ্চিমা দেশ ইউক্রেনে দীর্ঘমেয়াদি সামরিক প্রশিক্ষণ দিচ্ছে।
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক মহড়ায় অংশগ্রহণকারী সেনাসংখ্যা দ্বিগুণ করে চলতি সপ্তাহে ৮০ হাজারে উন্নীত করা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সোমবার ওই নির্দেশ দেন। পাশাপাশি ক্রিমিয়ায় পারমাণবিক বোমা বহনের উপযোগী যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশও দেন তিনি। রুশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ভালেরি গেরাসিমোভ গতকাল এসব কথা জানিয়েছেন।
ইউক্রেন সংকটের কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে খারাপ অবস্থায় নেমে এসেছে। ইউক্রেনে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাশিয়া ঠিক এক বছর আগে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয়। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের উত্থানের পর তাদের সহায়তায় মস্কো হাজার হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে রাশিয়া তা অস্বীকার করে আসছে।