প্যারিসে বড় অভিযানে নিহত ২ 'মূল হোতা' আবাউদ অধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালিমা ও ইবহলমোবারক
হালিমা ও ইবহলমোবারক

ফ্রান্সের প্যারিসের এক শহরতলিতে গতকাল বুধবার বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। সাত ঘণ্টার এ অভিযানের লক্ষ্যবস্তু ছিল শুক্রবারের সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল হোতা আবদেলহামিদ আবাউদ। অভিযানকালে এক নারীসহ সন্দেহভাজন দুই জঙ্গি নিহত এবং সাতজন পাকড়াও হয়েছে। তবে পরে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে আবাউদ নেই।
অভিযানের পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, তাঁরা সন্ত্রাসীদের ‘নিষ্ক্রিয়’ করতে সক্ষম হয়েছেন। যেসব এলাকার লোকজন সন্ত্রাসবাদকে লালন করে, সেগুলো বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় ১২৯ জনের প্রাণহানির পাশাপাশি চার শতাধিক ব্যক্তি আহত হয়, যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবারের ঘটনার পর ফ্রান্সজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে পুলিশ।
ফরাসি কর্তৃপক্ষ বলছে, ফোনালাপে আড়ি পাতা ও বিভিন্ন গোয়েন্দা তথ্য থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকালের অভিযান চালানো হয়। স্থানীয় সময় ভোর সাড়ে চারটার কিছু আগে নিরাপত্তাকর্মীরা প্যারিসের উত্তরে অবস্থিত সাঁ দোনি শহরতলির একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্যবস্তু করে এ অভিযান শুরু করে। শুক্রবারের সন্ত্রাসী হামলায় আক্রান্ত ছয়টি স্থানের একটি স্তাদ দো ফ্রঁস স্টেডিয়ামের কাছেই অবস্থিত সেটি। ভোর ৪টা ২০ মিনিটে সেখানে নিরাপত্তাকর্মী ও সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে গোলাগুলি শুরু হয়, যা অন্তত সকাল সাড়ে সাতটা পর্যন্ত অব্যাহত থাকে। সাড়ে সাতটার সময় বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ ঘটে। আটটার কিছু আগে একজন নারী ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে এসে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। একপর্যায়ে পুলিশের গুলিতে মারা যায় আরেক সন্দেহভাজন সন্ত্রাসী। এরপর অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ভেতরে থাকা তিনজনকে আটক করে পুলিশ। আশপাশের অ্যাপার্টমেন্টগুলো থেকে আটক করা হয় এক নারীসহ আরও দুজনকে। বেলা সাড়ে ১১টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় পুলিশ জানায়, সাত ঘণ্টার এ অভিযানে মোট সাতজনকে আটক করা হয়েছে। বাকি দুজনকে আটক করা হয় আশপাশের এলাকা থেকে। অভিযানকালে নিরাপত্তা বাহিনীর অন্তত তিন সদস্য এবং একজন পথচারী আহত হন।

গতকালের অভিযানে নিহত ও আটক সন্দেহভাজন ব্যক্তিরা প্যারিসের বাণিজ্যিক এলাকা লা দিফঁসে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে এ বিষয়টি ফরাসি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

গতকালের অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত বিবরণ দেন প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মোঁলা। তিনি জানান, শুক্রবারের সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদ (২৭) ওই অ্যাপার্টমেন্টে আছে—গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিত পাওয়ার ভিত্তিতেই অভিযান চালানো হয়। তবে পরে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বলেন, নিহত ও আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আবাউদ বা শুক্রবারের হামলায় জড়িত আরেক সন্দেহভাজন সালেহ আবদেসালেম (২৬) নেই বলে তাঁরা নিশ্চিত হয়েছেন।

ওলাঁদের নির্দেশ: প্যারিসে মেয়রদের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ বলেন, ‘শুক্রবারের জঘন্য হামলার সঙ্গে জড়িত অপরাধীদের সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করতেই সাঁ দোনি এলাকায় অভিযান।’ যেসব এলাকার লোকজন সন্ত্রাসবাদকে ‘মহিমান্বিত’ করছে, সেগুলো বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেন তিনি। তবে ওলাঁদ এ-ও বলেন, সন্ত্রাসীদের লক্ষ্য হলো ফ্রান্সের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করা। কিন্তু ফ্রান্স স্বাধীনতা ও সংস্কৃতির দেশ হিসেবেই রয়ে যাবে। ফরাসি জনগণ ভয়ভীতির কাছে কখনো মাথানত করবে না।