কমিউনিস্ট রাষ্ট্র কিউবার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নীতিকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটি বলেছে, এটা সেই শীতল যুদ্ধের সময়কারই এক স্মারক।
রাশিয়ার এমন মন্তব্যের আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক ভাষণে ট্রাম্প কিউবা নিয়ে তাঁর পূর্বসূরি বারাক ওবামা প্রশাসনের নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। দেশটির সঙ্গে দীর্ঘদিনের বৈরিতার সম্পর্ক অবসানে সাবেক প্রেসিডেন্ট ওবামা হাভানার ব্যাপারে কিছুটা নমনীয় নীতি গ্রহণ করেছিলেন। ট্রাম্প ভাষণে বলেন, হাভানার সঙ্গে তিনি ওবামার ‘ভয়ানক ও বিপথগামী’ চুক্তি বাতিল করছেন।
এ ঘোষণার প্রেক্ষাপটে গতকাল রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবা নিয়ে যে নতুন অবস্থানের ঘোষণা দিয়েছেন, তা এরই মধ্যে অর্ধ-ভুলে যাওয়া শীতল যুদ্ধের বাগাড়ম্বরপূর্ণ কৌশলের (স্টাইল) কাছেই আমাদের ফিরিয়ে নিয়েছে।’
শুক্রবারের ভাষণে ট্রাম্প কিউবার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে ওবামার উদ্যোগ পাল্টে ফেলার অঙ্গীকার করেন। কিউবার ক্ষমতাসীন রাউল কাস্ত্রো সরকারের বিরুদ্ধে দেশটির জনগণকে সমর্থন দানেরও প্রতিশ্রুতি দেন তিনি।
এ ছাড়া ট্রাম্প কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় আবার কড়াকড়ি আরোপের অংশ হিসেবে দেশটিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের ওপর বিধিনিষেধ কঠোর করা ও কিউবার সেনাবাহিনীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে যুক্ত মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মস্কো বলেছে, বারাক ওবামার আমলে কিউবার বিরুদ্ধে আরোপিত অবরোধ শিথিল করা ছিল একটি সুচিন্তিত রাজনৈতিক সিদ্ধান্ত। যার ফলে কাস্ত্রোবিরোধী কিছু প্রান্তিক জনগোষ্ঠীর লোকেরা ছাড়া আর কেউ ক্ষতিগ্রস্ত হননি। মস্কো আরও বলেছে, তারা কিউবার সঙ্গে তাদের দৃঢ় সংহতির কথা পুনর্ব্যক্ত করছে।
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ২০১৫ সালে রাশিয়া সফর করেন। আগের বছরই কিউবা সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন তিনি রাউল কাস্ত্রো ছাড়াও তাঁর ভাই বিপ্লবী ফিদেল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেন।
এদিকে কিউবায় যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন খাতে নিষেধাজ্ঞা কড়াকড়ি করার ফলে দ্বীপ দেশটির জনগণ ও বেসরকারি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হবে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, এতে বরং উল্টোটা হবে। কলম্বিয়ার পন্টিফিক্যাল জাভারিয়ান ইউনিভার্সিটির অর্থনীতিবিদ পাভেল ভিদাল বলেন, কিউবার অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান উৎস পর্যটন ও বেসরকারি খাতকেই আক্রমণের নিশানা বানাবে ট্রাম্পের নতুন এ পদক্ষেপ।