
জায়গাটার নাম ল্যাপল্যান্ড। ফিনল্যান্ডের সবচেয়ে উত্তরের এই শহর বরফে ঢাকা। শীতপ্রেমীদের পছন্দের জায়গা। সেখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরের এক অরণ্যে লুভাটুমা নামে একটি হোটেল আছে।
উষ্ণ শয্যার হোটেলটি ফিনল্যান্ডের লেভি এলাকায় অবস্থিত। বরফের ওপর দিয়ে খেলা স্কিয়িংয়ের জন্য এটাই দেশটির সবচেয়ে বড় অবকাশকেন্দ্র। জানুয়ারিতে সেখানে অনেক বেশি ঠান্ডা পড়ে।
শুধু উৎসবের মৌসুমেই হোটেলটি চালু থাকে। এর কিছু অংশজুড়ে আছে আর্ট গ্যালারি। ভবনজুড়ে জটিল সব নকশার ছড়াছড়ি। দুই মাস ধরে বরফের দেয়ালে এসব বসাতে হয়। কর্তৃপক্ষ প্রতিবছর ডিসেম্বরের ১২ তারিখে হোটেলটি অতিথিদের জন্য খুলে দেয়। স্থানীয় পর্যটক মাইজা পালোসারি বলেন, ১০ মিটার উঁচু বরফের গম্বুজ বানানোর কাজ সবচেয়ে কঠিন। ভাস্করেরা প্রায় ১০০ মিটার দূরের উনাসজকি নদী থেকে বড় বড় বরফের টুকরা এনে সেগুলোয় খোদাই করে হোটেল ভবনটি নির্মাণ করেন। মৌসুমের শেষে পুরো ভবন গলে গিয়ে আবার নদীতে মিশে যায়।
কর্তৃপক্ষের আশা, চলতি মৌসুমে এই হোটেলে ৪০ থেকে ৬০টি বিয়ের অনুষ্ঠান হবে। এ সময় ১২টি কক্ষে প্রায় দুই হাজার মানুষ থাকতে পারবে। সাধারণ কামরার ভাড়া ১৩৫ মার্কিন ডলার। আর সুইটে থাকতে চাইলে অতিথিকে ৩৭৫ ডলার গুনতে হবে। তাঁবুর মতো রেস্তোরাঁ থেকে তারা খাবারদাবারও পাবে।