শীতে ইউরোপজুড়ে করোনার নতুন থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

আসন্ন শীতে ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ ক্রমশই বাড়ছে। শীতকালে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে পারে এই বিষয়ে বিশেষজ্ঞরা আগেই আভাস দিয়েছিলেন। বিভিন্ন দেশের সরকারগুলোও এই বিষয়ে স্ব স্ব দেশের নাগরিকদের বেশ আগে থেকেই সতর্ক করে আসছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইউরোপের দেশগুলোকে নিয়ে সাপ্তাহিক প্রতিবেদনে জানিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এই সংক্রমণের হার পূর্বের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে ইউরোপে করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধি সবাইকে আতঙ্কিত করে তুলছে। ইউরোপজুড়ে ৭ লাখ নতুন সংক্রমণের খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংখ্যা বিশ্বব্যাপী মোট সংক্রমণের এক-তৃতীয়াংশ। ইউরোপের মোট ৪৭ দেশের মধ্যে ২৬ দেশে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৫০ জন করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে। ছোট দেশ আন্ডোরাতে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি, এর পরেই রয়েছে চেক প্রজাতন্ত্র ও বেলজিয়াম। এই সব দেশগুলোতে প্রতি লাখ মানুষের মধ্যে প্রায় ৩৫০ জন মানুষ আক্রান্ত হচ্ছে। এ ছাড়া হল্যান্ড ও মন্টিনিগ্রোতে প্রতি লাখে ২৬০ জন এবং ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যে ১৫০ জন ও জার্মানিতে ৩৬ জন করে সংক্রমিত হচ্ছে।
করোনাভাইরাসের সংক্রমণে গত মার্চ মাস থেকে ইতালিতে উদ্বেগজনকভাবে বহু মানুষের মৃত্যু হলেও, দ্বিতীয় তরঙ্গে সেই মার্চ মাসের মতো আতঙ্কজনক পরিস্থিতি দেখা যাচ্ছে না। ইতালি তাদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কঠোরভাবে বেশ কিছু বিধিনিষেধ পালন করে আসছে।

মধ্য ও দক্ষিণ ইউরোপীয় নানা দেশগুলোতে এই সংক্রমণের হার বেড়েছে। জার্মানি, সুইজারল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, বেলজিয়াম, পোল্যান্ড, অস্ট্রিয়া, স্পেন প্রভৃতি দেশে সরকারগুলো এই সংকটময় পরিস্থিতি রুখতে নানা রকম নির্দেশনা জারি করছে। মূলত সব দেশগুলোতেই মাস্কের অধিক ব্যবহার, দূরত্ব বজায় রাখা, সীমিত মেলামেশা, প্রকাশ্য অনুষ্ঠানে নিষেধাজ্ঞা, হোটেল রেস্টুরেন্ট রাত্রি এগারোটার মধ্যে বন্ধ, ছোট-বড় সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানসমূহ আপাতত চার সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদর দপ্তরে, সংস্থাটির পরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস ইউরোপীয় দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশগুলোর নানা বিধি-নিষেধে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সংক্রমণ ঠেকাতে এসব নিয়ম মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই। টেড্রোস আধানম আরও জানান, ইউরোপ মহাদেশের ৪৭ দেশে ৭০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ২ লাখ ৫০ হাজার মানুষ মারা গেছেন।

গত বুধবার চব্বিশ ঘণ্টায় চেক প্রজাতন্ত্রে ৯ হাজার ৫৪৪, পোল্যান্ডে ৮ হাজার ৯৯, ইতালিতে ৭ হাজার, জার্মানিতে ৬ হাজার ৬৩৮, অস্ট্রিয়াতে ১ হাজার ৫৫২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। ইউরোপের দেশগুলোতে সংক্রমণ বৃদ্ধি পেলেও, মৃত্যুর হার হ্রাস পেয়েছে।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল দীর্ঘদিন ভিডিও মিটিং করলেও গতকাল বুধবার বিকেল ও রাতে প্রথম সশরীরে চ্যান্সেলর ম্যার্কেল ১৬ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করে কিছু বিধি-নিষেধ জারি করেছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও জমায়েত কার্যত নিষিদ্ধ করা হয়েছে। কিছু প্রকাশ্য স্থান ও ট্রেন, ট্রাম, বাসের মতো গণপরিবহন ও অফিস, ব্যাংক, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্ক পরিধান আবশ্যকীয় করা হয়েছে।

এদিকে জার্মানির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাসে জার্মানির বিভিন্ন রেলওয়ে স্টেশন ও রেলগাড়িতে প্রায় ৭১ হাজার মানুষকে মাস্কবিহীন অবস্থায় শনাক্ত হয়েছে। তাঁদের অনেককেই জরিমানা করা হয়েছে।