শীর্ষ বৈঠকের আগের দিনও রক্ত ঝরল পূর্ব ইউক্রেনে
ইউক্রেনের গৃহযুদ্ধ নিয়ে ইউরোপের নেতাদের বৈঠকের আগে গতকাল বুধবার আরও রক্ত ঝরেছে দেশটিতে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে গতকাল বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ প্রেক্ষাপটে গতকাল বিকেলে আলোচনার স্থান বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছান ইউক্রেন, ফ্রান্স ও জার্মানির নেতারা। খবর এএফপির।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় সত্যিই যোগ দিচ্ছেন বলে গতকাল তাঁর দপ্তর থেকে নিশ্চিত করা হয়। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের পুতিন সরকার অস্ত্র ও সেনা দিয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে বলে ইউক্রেন সরকার অভিযোগ করে আসছে। এ যুদ্ধে ইতিমধ্যে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ নিহত হয়েছে।
রাশিয়ার পক্ষ থেকে আলোচনার ফলাফলের ব্যাপারে আশা প্রকাশ করা হলেও অন্যরা তত আশাবাদী নয়। জার্মানি বলেছে, এ আলোচনার উদ্যোগ ‘আশার একটি ক্ষীণ শিখামাত্র, এর বেশি কিছু নয়।’