ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেসালামকে গতকাল শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। ফরাসি পুলিশের একাধিক সূত্র এবং বেলজিয়ামের অভিবাসনমন্ত্রী থেও ফ্রাঙ্কেন এ খবর নিশ্চিত করেছেন। গত বছরের ১৩ নভেম্বর প্যারিসের একটি রক কনসার্ট, জাতীয় স্টেডিয়াম এবং একাধিক ক্যাফেতে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ১৩০ জন এবং তিন শতাধিক মানুষ আহত হন। হামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে মরোক্কান বংশোদ্ভূত ফরাসি নাগরিক আবদেসালামও ছিলেন বলে সন্দেহ পুলিশের। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) প্যারিসে ওই হামলার দায় স্বীকার করে।
বিবিসি জানায়, ব্রাসেলসের মলেনবেক এলাকায় গতকালের অভিযানের সময় পায়ে আঘাত পেয়েছেন আবদেসালাম। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসেই ছিলেন। গতকালের অভিযানের পর তাঁর সঙ্গে বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল জরুরি বৈঠক করেন।
প্যারিসে নভেম্বরের হামলার ঘটনার পরদিন থেকেই বেলজিয়ামে সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু হয়। ঘটনার পরপরই পালিয়ে ব্রাসেলসে চলে যান আবদেসালাম। তিনি সেখানকার একটি ফ্ল্যাটে অন্তত তিন সপ্তাহ লুকিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর ভাই প্যারিস হামলার সময়ই নিহত হন। হামলার মূল হোতা আবদেলহামিদ আবাউদ গত নভেম্বরে প্যারিসে এক অভিযানে নিহত হন। তাঁরা দুজনেই ব্রাসেলসের মলেনবেক এলাকায় আনাগোনা করতেন বলে তথ্য মিলেছে। এলাকাটি কট্টর ইসলামপন্থীদের কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানকার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ গত মঙ্গলবার আবদেসালামের আঙুলের ছাপ শনাক্ত করে।
প্যারিস হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের বেশির ভাগই হামলার সময় নিহত অথবা পরবর্তী পুলিশি অভিযানের সময় প্রাণ হারিয়েছেন। হামলার কয়েক দিন পর ব্রাসেলসেও একই ধরনের হামলার আশঙ্কায় গোটা শহর অবরুদ্ধ করে দিয়েছিল।