ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দুই চূড়ান্ত প্রার্থী মধ্য ডানপন্থী ইমানুয়েল ম্যাখোঁ ও কট্টর ডানপন্থী মারিন লো পেন গতকাল শুক্রবার শেষ দিনের প্রচারে অংশ নেন। ইমানুয়েল ম্যাখোঁ তাঁর এগিয়ে থাকা অবস্থান ধরে রাখা ও লো পেন ব্যবধান ঘোচানোর জোর চেষ্টা চালান। আগামীকাল রোববার দ্বিতীয় তথা চূড়ান্ত দফা ভোটগ্রহণ হবে।
ইউরোপের ঐক্যপন্থী ম্যাখোঁ এবং ইউরোপ ও অভিবাসনবিরোধী লো পেন কে জিতবেন— সে অপেক্ষায় ইউরোপসহ বাকি বিশ্ব গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।
রোববার বিজয়ের লক্ষ্যে ম্যাখোঁ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর রোদে এবং লো পেন উত্তরাঞ্চলীয় রেইম অঞ্চলে গতকাল সফর করেন। জনমত জরিপ বলছে, ৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার ম্যাখোঁ রাজনীতিতে তুলনামূলক অনভিজ্ঞ হলেও প্রতিদ্বন্দ্বী লো পেনের চাইতে ২২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন। গত বুধবারের টেলিভিশন বিতর্কেও ম্যাখোঁ উল্লেখযোগ্য পারদর্শিতা দেখিয়ে লো পেনকে পেছনে ফেলেছেন।
ম্যাখোঁ বলেছেন, তিনি বিজয়ী হলে কাকে প্রধানমন্ত্রী করবেন, তা ঠিক করে ফেলেছেন। অবশ্য তাঁর নাম গোপন রেখেছেন।
লো পেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে ইউরোপের ঐক্যবিরোধী নিকোলা দুপোঁ-আইনানকে প্রধানমন্ত্রীর পদে বেছে নেবেন।