শেষ মুহূর্তে ছাড় দিতে রাজি গ্রিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ঋণদাতাদের কিছুটা ছাড় দিতে রাজি হয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস। এক চিঠিতে তিনি বলেছেন, দাতাদের দেওয়া আর্থিক পুনরুদ্ধারের (বেইলআউট) কর্মসূচির প্রস্তাব মানবে গ্রিস। তবে গত ২৮ জুনের ওই প্রস্তাবের বেশ কয়েকটি শর্ত ‘সংশোধন’ করতে হবে।
তবে জার্মানি বলে দিয়েছে, সময় ফুরিয়ে গেছে। তা ছাড়া সিপ্রাসের চিঠিতে এমন কিছু নেই, যা নিয়ে এখন আলোচনা হতে পারে। খবর এএফপি ও রয়টার্সের।
অর্থনৈতিক সংকটে পড়া গ্রিস বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনায় রয়েছে। এই চুক্তির জন্য দাতারা যে প্রস্তাব দিয়েছে, তাতে বিভিন্ন খাতে ব্যয় সংকোচন করার কথা বলা আছে। এতে আপত্তি রয়েছে দেশটির বর্তমান বামপন্থী সরকারের। তবে চুক্তি না হলে গ্রিস এসব দাতার কাছ থেকে কাঙ্ক্ষিত ২৯ বিলিয়ন ইউরো ঋণ পাবে না। এই ঋণ পেলেই কেবল এথেন্স আগামী দুই বছরের মধ্যে পরিশোধযোগ্য সব দেনা শোধ দিতে পারবে। এর মধ্যে আইএমএফের কাছ থেকে নেওয়া গ্রিসের দেড় বিলিয়ন ইউরো (১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) গত মঙ্গলবারের মধ্যে শোধ করার কথা থাকলেও তা পারেনি গ্রিস। এতে করে ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিন ঋণদাতাকে লেখা প্রধানমন্ত্রী সিপ্রাসের চিঠিটি তারা দেখেছে। এতে গ্রিসের জন্য মূল্য সংযোজন করের ওপর ৩০ শতাংশ ছাড় প্রদান, প্রতিরক্ষা খাতে ব্যয় কর্তনের সময়সীমা বৃদ্ধি ও ২০১২ সালের অবসরভাতা সংস্কার পরিকল্পনা আগামী অক্টোবর পর্যন্ত স্থগিত করাসহ কয়েকটি বিষয় নিশ্চিত করতে বলেছেন সিপ্রাস। এসব বিষয়ে নিশ্চয়তা পেলেই কেবল চুক্তির বিষয়টি ভেবে দেখবে গ্রিস।
গ্রিসের এই অনুরোধ নিয়ে আলোচনা করতে ইউরোজোনের অর্থমন্ত্রীদের গতকাল বুধবার গ্রিনিচ মান সময় বেলা সাড়ে তিনটার দিকে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু তার আগেই মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের মন্তব্যে চিঠিটির বিষয়ে নেতিবাচক ইঙ্গিতই এসেছে। তাঁরা বলেছেন, এতে এমন অনেক উপাদান রয়েছে, যা মন্ত্রীদের জন্য মানা কঠিন হবে। জার্মান অর্থমন্ত্রী ভুল্ফগ্যাং শুয়েবল বলেন, চিঠিটি আসতেই দেরি হয়ে গেছে। আর এতে কোনো বৃহত্তর স্বচ্ছতা নেই। কাজেই এ নিয়ে এখন গুরুগম্ভীর আলোচনায় বসার আর কোনো সুযোগ নেই। গ্রিস অনেকগুলো শর্ত বাতিল করলেই কেবল নতুন করে আলোচনা হতে পারে।