তুরস্কের রাজধানী আঙ্কারায় জোড়া বিস্ফোরণে নিহত অন্তত ৯৫ জনের স্মরণে গতকাল রোববার কয়েক হাজার মানুষ কড়া নিরাপত্তার মধ্যে শোক সমাবেশ করেছে। তুর্কি ভূখণ্ডে সবচেয়ে ভয়াবহ ওই হামলার ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে তদন্তকাজ চলছে। খবর রয়টার্সের।
আঙ্কারার প্রধান রেলস্টেশনের কাছাকাছি কুর্দিপন্থী এবং শ্রমিক আন্দোলনের কর্মীদের একটি সমাবেশে সন্দেহভাজন দুই আত্মঘাতী গত শনিবার সকালে জোড়া বোমা বিস্ফোরণ ঘটায়। এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন। সেক্যুলারপন্থী সংবাদপত্র চুমহুরিয়েত গতকাল প্রধান শিরোনামে লিখেছে, ‘আমরা শান্তির জন্য শোক যাপন করছি।’
অন্যান্য পত্রিকায় ওই ভয়াবহ হামলার ঘটনায় জনগণের ক্ষোভের প্রতিফলন দেখা যায়। আর সরকারপন্থী পত্রিকা আবেয়ারতুর্ক লিখেছে, ‘জাতিকে বিভক্ত করার জন্যই এ হামলা করা হয়েছে।’ আরেকটি পত্রিকা লিখেছে, আত্মঘাতী দুই হামলাকারীর একজন ২০ থেকে ২৫ বছর বয়সী পুরুষ।
ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে প্রধানমন্ত্রী দাভুতগলু ওই ঘটনাকে ‘সন্ত্রাসীদের কাজ’ আখ্যা দিয়ে বলেছেন, এ হামলায় ইসলামিক স্টেট (আইএস), কুর্দি বা কট্টর বামপন্থী জঙ্গিরা জড়িত থাকতে পারে।
নিহত ৫২ জনের নাম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে। আহত ২৪৬ জনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে ৪৮ জনকে নিবিড় পরিচর্যার আওতায় রাখা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়, হামলায় জড়িত অপরাধীদের শনাক্ত করে দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করার কাজ চলছে।
কুর্দি-অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) লড়াই শুরু হওয়ার পর শতাধিক মানুষের মৃত্যুর প্রতিবাদে কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পাটি৴ (এইচডিপি) এবং নাগরিক, বাম ও শ্রমিক আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকেরা আঙ্কারায় শনিবারের ওই সমাবেশ করেন।