শোবার ঘরের চেয়ারে পড়ে ছিল নারীর লাশ, দুই বছর পর উদ্ধার
মৃত্যুর প্রায় দুই বছর পরে ইতালির নিজ বাড়ি থেকে ৭০ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া গেছে। মেরিনেলা বেরেতা নামের ওই নারী লম্বার্ডির লেক কোমোর কাছের একটি বাড়িতে একা থাকতেন। খবর সিএনএনের।
স্থানীয় সময় বুধবার উত্তর ইতালির কোমো সিটি হলের প্রেস অফিসার ফ্রান্সেসকা মানফ্রেদি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অতিরিক্ত গাছপালার কারণে মেরিনেলার বাগানে একটি গাছ ভেঙে পড়ায় স্থানীয়া লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা মেরিনেলার শোবার ঘরের একটি চেয়ার থেকে তাঁর মরদেহ খুঁজে পান।
মেরিনেলার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ফরেনসিক টিমের সদস্যরা বলেছেন, শরীরের ক্ষয়ের মাত্রা পরীক্ষা করে মনে হচ্ছে ২০১৯ সালের শেষ দিকে তাঁর মৃত্যু হতে পারে। এ ঘটনা জানাজানি হওয়ার পরও মেরিনেলার কোনো আত্মীয়র খোঁজ মেলেনি। তাঁর পরিবারের কোনো সদস্য আদৌ জীবিত আছে কি না, সেটি তদন্ত করছে পুলিশ।
ফ্রান্সেসকা মানফ্রেদি বলেছেন, আপাতত মেরিনেলার মরদেহ মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাঁর শেষকৃত্যের তারিখ ঠিক হয়নি।
তবে দিনক্ষণ ঠিক হলে মেরিনেলার শেষকৃত্যে যোগ দিতে শহরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় মেয়র মারিও ল্যান্ডরিসিনা। তিনি ইতালির সংবাদমাধ্যকে বলেছেন, স্থানীয় সরকার মেরিনেলার শেষকৃত্যের ব্যবস্থা করবে।
মেরিনেলার এমন নিঃসঙ্গ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতালির পরিবারবিষয়ক মন্ত্রী এলেনা বোনেতি। একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মেরিনেলা বেরেতার এমন ঘটনা আমাদের বিবেককে আঘাত করে।’ তিনি আরও লিখেছেন, ‘একে অপরের যত্ন নেওয়ার বিষয়টি আমরা পরিবার ও প্রাতিষ্ঠানিকভাবে শিখে থাকি। তা ছাড়া এটি একজন নাগরিকের দায়িত্ব। কাউকে এভাবে একা রাখা উচিত নয়।’