সংকট সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ইউক্রেনের সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া
ফাইল ছবি: প্রথম আলো

চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এর মধ্য দিয়ে তিনি ইউক্রেনে অন্য দেশের সম্ভাব্য আগ্রাসন এড়াতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। খবর এএফপি ও রয়টার্সের।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আন্দ্রেই ইয়েরমাক শনিবার বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। আমরা মনে করি, বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে ত্রিপক্ষীয় এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমেও হতে পারে।’

ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক আটলান্টিক কাউন্সিলকে ইয়েরমাক বলেন, ‘আমরা এই প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছি। আশা করছি, রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশই একই রকম ইতিবাচক মনোভাব দেখাবে।’

ইউক্রেনের সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এটা নিয়ে রুশ–মার্কিন বিরোধ চরমে পৌঁছেছে। সম্ভাব্য রুশ আগ্রাসনের ভীতি থেকে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে ইউক্রেন। গত মঙ্গলবার এ বিষয়ে আলোচনায় বসতে ফ্রান্স, জার্মানি, রাশিয়াকে প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেন নিয়ে উত্তেজনা প্রশমনে এর আগে দুবার টেলিফোনে কথা বলেছেন বাইডেন ও পুতিন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুতিনকে সতর্ক করে দেওয়া হয়েছে, ইউক্রেনে আগ্রাসন হলে এর কড়া জবাব দেওয়া হবে। অন্যদিকে ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে আক্রমণ করার ইচ্ছা আপাতত রাশিয়ার নেই। তবে তিনি ইউক্রেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হস্তক্ষেপ দেখতে চান না বলেও বাইডেনকে জানিয়েছেন। এমনকি ন্যাটোর সদস্য হতে ইউক্রেনের আগ্রহে আপত্তি রয়েছে পুতিনের।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখন ইউক্রেন নিয়ে চরম বাগ্‌যুদ্ধে লিপ্ত। একই সঙ্গে দেশটির সীমান্তে সামরিক উপস্থিতি ক্রমেই জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় সময় গত শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। দেশটির অন্তত ৭০টি সরকারি ওয়েবসাইট লক্ষ্য করে হামলাগুলো চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই বেশির ভাগ ওয়েবসাইট উদ্ধার করা হয়েছে বলে জানায় ইউক্রেন সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো টুইট বার্তায় জানান, সরকারি ওয়েবসাইট লক্ষ্য করে পরিচালিত সাইবার হামলার পেছনে রুশ গোয়েন্দা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত গ্রুপগুলো জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদিও ইউক্রেনের এমন অভিযোগের জবাব দিতে এখনো মুখ খোলেনি রাশিয়া।

২০১৪ সালে এক বিপ্লবের মধ্য দিয়ে উত্খাত হয় তত্কালীন ইউক্রেন সরকার। ওই সরকার পশ্চিমাবিরোধী এবং রাশিয়ার পক্ষে ছিল। ইউক্রেনের রুশপন্থী সরকারের পতনের পর দেশটির অধীনে থাকা ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এ ছাড়া পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেয় ক্রেমলিন, এমনটাই অভিযোগ পশ্চিমাদের। এসব নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার আগে থেকেই বিরোধ ছিল। এবার ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন সেই বিরোধ আরও বাড়িয়ে দিয়েছে।