সংকটে কাতারের ভূমিকার প্রশংসায় এরদোয়ান

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান আশা প্রকাশ করে বলেছেন, তাঁর সফর উপসাগরীয় অঞ্চলে চলমান সংকটে সব পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে। বিশেষ করে কাতার সাম্প্রতিক সময়ে অবরোধের শিকার হয়েও যে ইতিবাচক ভূমিকা রেখেছে, তা প্রশংসনীয়। সোমবার উপসাগরীয় অঞ্চলের তিনটি দেশে দুই দিনের সফর শেষে তুরস্কে ফিরে রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এরদোয়ান বলেন, ‘সফরকালে উপসাগরীয় অঞ্চলে বিরাজমান সংকট নিয়ে আলোচনার সুযোগ হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সম্ভাব্য করণীয় সম্পর্কে আমি সেসব দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি। পরস্পরে আস্থা শেষ করে দেওয়া সহজ, কিন্তু সেটি পুনরায় ফিরিয়ে আনা বেশ কঠিন। মুসলিম দেশগুলোর মধ্যে এ ধরনের বিবাদ যেন আর না ঘটে, সেই সুযোগ বন্ধ করতে হবে।’
পাশাপাশি তুরস্কের রাষ্ট্রপতি দপ্তরের মুখপাত্র ইবরাহিম কালিন সংবাদমাধ্যমকে বলেন, উপসাগরীয় অঞ্চলে সংকট নিরসনে সংলাপের প্রতি তাঁর দেশ গুরুত্ব দিচ্ছে এবং কুয়েতের মধ্যস্থতায় সমর্থন অব্যাহত রেখেছে। তিনি বলেন, রাষ্ট্রপতি এরদোয়ান তাঁর সদ্য সমাপ্ত সফরে আলোচনা ও সংলাপকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি ইরাক, সিরিয়া ও বিশ্বে সন্ত্রাসবাদ দমনে করণীয় বিষয় সম্পর্কেও উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন।
কাতারের বিরুদ্ধে অন্যায়ভাবে আরোপিত অবরোধ ও উপসাগরীয় অঞ্চলে চলমান সংকট নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে ২৩ জুলাই থেকে দুই দিন এই অঞ্চল সফর করেন তুরস্কের রাষ্ট্রপতি। সফরকালে তিনি সৌদি আরব, কুয়েত ও কাতারে যান। ২৩ জুলাই প্রথমে তিনি সৌদি আরব যান এবং দেশটির বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি কুয়েতের আমির শেখ সাবাহ আহমদ আল সাবাহের সঙ্গেও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। তবে সফরকালে কোনো দেশে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি।
পরে সফরের শেষ অংশ হিসেবে এরদোয়ান ২৪ জুলাই দুপুরে কাতারের রাজধানী দোহায় যান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। কাতার মন্ত্রী পরিষদের সদস্য, রাজপরিবারের যুবরাজ এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এরদোয়ানের সঙ্গে তাঁর স্ত্রী আমেনা এবং তুরস্কের বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলও দোহায় যান।
২৪ জুলাই দুপুরে দিওয়ানে আমিরিতে কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রপতি। এ সময় দুই নেতা এই অঞ্চলে চলমান সংকটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব আরোপ করেন তাঁরা। পরে কাতারের আমির তুরস্কের রাষ্ট্রপতি ও অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
গত ৫ জুন অবরোধ শুরু হওয়ার প্রথম প্রহর থেকে তুরস্ক কাতারের পাশে থাকার ঘোষণা দেয়। একই সময়ে কাতার ও তুরস্কের মধ্যে পূর্ব সম্পাদিত সমঝোতা স্মারক অনুযায়ী, কাতারে তুরস্কের সামরিক ঘাঁটিতে কয়েক ভাগে সৈন্য ও সমর যান পাঠায় দেশটির সেনাবাহিনী। এ ছাড়া কাতারের বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করতে তুরস্কের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাপক হারে দুধ ও দুগ্ধজাত পণ্য পাঠাতে শুরু করে। আকাশ পথে এবং সমুদ্রপথে কাতারের জন্য খাদ্যদ্রব্য ছাড়াও নির্মাণসামগ্রী এবং আরও অন্যান্য বাণিজ্যিক পণ্য পাঠানো অব্যাহত রেখেছে তুরস্ক। এতে কাতারের স্থানীয় নাগরিক ও অভিবাসীদের কাছে তুরস্ক বন্ধু ও সহযোগী হিসেবে আস্থার তালিকায় শীর্ষস্থানে উঠে আসে। তুরস্কের এসব ভূমিকার জন্য ২১ জুলাই রাতে জনগণের জন্য প্রদত্ত ভাষণে কাতারের আমির তুরস্কের নাম উল্লেখ করে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।