সংবাদ সম্মেলনে বেজে উঠল বউয়ের ফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার।

অনেকের জীবনেই এমনটা হয়—জরুরি কোনো সভায় আছেন, হঠাৎই বেজে উঠল ফোনটা। এ নিয়ে পড়তে হয় বিব্রতকর অবস্থায়। সম্প্রতি এমন পরিস্থিতিতে পড়লেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার।

এএফপির আজ শুক্রবারের খবরে বলা হয়েছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার। সঙ্গে ছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। হঠাৎ করে বেজে উঠল জাঙ্কারের ফোন। উপস্থিত সাংবাদিকদের তিনি বললেন, ‘দুঃখিত। মনে হয় বউয়ের ফোন!’

এরপর জাঙ্কার পকেট থেকে ফোনটা বের করলেন। নম্বরটা দেখলেন। উপস্থিত সাংবাদিকদের জানালেন, বউ নয়; কলটা করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

৬২ বছর বয়সী জঁ ক্লদ জাঙ্কার ইউরোপের ছোট্ট দেশ লুক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী। সাদাসিধে জীবনযাপনের জন্য তিনি পরিচিত। এখনো তিনি স্মার্টফোন ব্যবহার করেন না, বরং পুরোনো মডেলের নকিয়া ফোনই তাঁর বেশি পছন্দ।