সংবিধান সংশোধন উদ্যোগের পক্ষে তুরস্কের পার্লামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিসেপ তাইয়েপ এরদোয়ান
রিসেপ তাইয়েপ এরদোয়ান

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতা আরও বৃদ্ধি করতে সাংবিধানিক পরিবর্তন আনার জন্য আলোচনার পক্ষে মত দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। এর মাধ্যমে প্রেসিডেন্টের হাতে দেশের নির্বাহী ক্ষমতা তুলে দেওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল দেশটি।
এরদোয়ান ও তাঁর সমর্থকদের বক্তব্য, তুরস্কে অতীতের মতো ভঙ্গুর কোয়ালিশন সরকারব্যবস্থা যাতে ফিরে না আসে, তা নিশ্চিত করতে নির্বাহী ক্ষমতাসম্পন্ন প্রেসিডেন্ট প্রয়োজন। তবে বিরোধীদের দাবি, এর মাধ্যমে দেশ কর্তৃত্বপরায়ণতার দিকে যাচ্ছে। পার্লামেন্টে সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবটি ৩৩৮ ভোট পেয়ে পাস হয়েছে। তুরস্কের আইন অনুযায়ী কোনো বিলের পক্ষে ৩৩০টি ভোট পড়লে তা গণভোটে তোলা যায়। আগামী বসন্তে এ ভোট হতে পারে।
তুরস্কের পার্লামেন্টে আসন ৫৫০টি। ভোটাভুটির ফল থেকে মনে হচ্ছে ক্ষমতাসীন একে পার্টি এবং সংস্কারের সমর্থক জাতীয়তাবাদী বিরোধী দল এমএইচপির অনেকে এর পক্ষে ভোট দেননি। একে পার্টির সদস্যসংখ্যা ৩১৬। বিরোধী দল এমএইচপির ৩৯।

প্রস্তাবগুলো চূড়ান্তভাবে অনুমোদিত হলে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন এরদোয়ান। তিনি মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করতে পারবেন। ক্ষমতাসীন দলের নেতৃত্বও নিজের হাতে নিয়ে নিতে পারবেন।