সংলাপে আগের চেয়ে অনেক কাছাকাছি দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডের লুজানে চলমান আলোচনায় দুই পক্ষ আগের ‘যেকোনো সময়ের চেয়ে’ কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। তবে সময়সীমা ঘনিয়ে এলেও সমঝোতার ব্যাপারে গতকাল রোববারও কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। খবর বিবিসির।
কাল মঙ্গলবারের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে ইরানের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ছয় পরাশক্তির আলোচনা চলছে। একটি সিদ্ধান্তে পৌঁছার লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে দেশে ফেরার নির্ধারিত সময় পিছিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জন কেরি লুজানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে আরেক দফা আলোচনা করেছেন। কথা বলেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফাবিয়াস, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ারের সঙ্গেও। আলোচনা ফলপ্রসূ করার লক্ষ্যে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীরা তাঁদের কাজাখস্তান সফর পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে কেরির সোমবার যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। কিন্তু আলোচনার প্রয়োজনে যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফাবিয়াস ও স্টাইনমেয়ারের সঙ্গে বৈঠক শেষে জাভেদ জারিফ গত শনিবার আলোচনায় অগ্রগতি হওয়ার বিষয়টি স্বীকার করেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সম্ভাব্য সমঝোতা নিয়ে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন। গতকাল রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘আমরা আগে যতটা বলেছিলাম, ইরানের সঙ্গে সমঝোতা আসলে তার চেয়েও ভয়ের হতে যাচ্ছে।’ যদিও তাঁর এ আশঙ্কার কোনো ব্যাখ্যা দেননি নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইরান-লুজান-ইয়েমেন অক্ষ মানবতার জন্য বিপজ্জনক। এটাকে অবশ্যই থামাতে হবে।’
২০১৩ সালে শুরু হওয়া এ আলোচনার ইতিমধ্যে দুই দফা সময়সীমা বেঁধে দেওয়া হলেও কোনো সমঝোতায় পৌঁছা
সম্ভব হয়নি। আশাবাদ থাকলেও ৩১ মার্চের এই তৃতীয় দফার সময়সীমায়ও সেটা সম্ভব হবে কি না, তা নিশ্চিত নয়। মঙ্গলবারের মধ্যে রূপরেখা নিয়ে সমঝোতা হলে আগামী ৩০ জুনের মধ্যে বিস্তারিত বিষয় উল্লেখ করে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা।