সন্তান হারানো সেই বাবা দায় থেকে মুক্তি পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগান অভিবাসীদের নিয়ে ছোট্ট একটি ডিঙিনৌকা তুরস্ক ও গ্রিসের মধ্যবর্তী ইজিয়ান সাগর অতিক্রম করে গ্রিসের কোস দ্বীপের সৈকতে পৌঁছেছে। ২৭ মে ২০১৫
ছবি: এএফপি

তুরস্ক থেকে গ্রিসে আসা সমুদ্রপথে ডিঙিতে চড়ে ছয় বছরের সন্তানের জীবনকে ঝুঁকির মুখে ফেলার দায় থেকে রেহাই পেয়েছেন বাবা। তিনি দোষী সাব্যস্ত হলে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারত। গতকাল বুধবার গ্রিসের একটি আদালত এ রায় দেন।

গ্রিসের রাজধানী এথেন্সের একটি দৈনিক পত্রিকা কাথেমিরিনির ইংরেজি সংস্করণে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ৮ নভেম্বর বাবার সঙ্গে তুরস্ক থেকে গ্রিসে যেতে গিয়ে নৌকা ডুবে মারা যায় শিশুটি। পরদিন ঘটনাস্থল থেকে দূরে একটি সৈকতে তার লাশ পাওয়া যায়। সেই নৌকায় ২৪ জন যাত্রী ছিলেন।

আফগান এই নাগরিক নিজ দেশ ছেড়ে ছেলেকে একটি উন্নত ও সুন্দর ভবিষ্যৎ দিতে তুরস্কে পাড়ি জমিয়েছিলেন। সেখানে ছেলেকে বড় করছিলেন। কিন্তু পরপর দুবার তাঁর আশ্রয় চেয়ে করা আবেদন খারিজ হয়। বলা হয়, তাঁর ছেলে তুরস্কের স্কুলেও পড়তে পারবে না। এরপরই তিনি গ্রিসের পথে রওনা হন।

দুর্ঘটনার পর হন্যে হয়ে ছেলেকে খুঁজতে থাকা হাফেজের সঙ্গে সকাল ছয়টায় পুলিশের দেখা হয়। ঘটনা সম্পর্কে পুলিশকে সবকিছু খুলে বলেছিলেন তিনি। সেই সকালে যখন তাঁর ছেলেকে পাওয়া যায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সে আর এই পৃথিবীতে ছিল না। শিশুটি পড়ে ছিল অচেতন এক অন্তঃসত্ত্বা নারীর পাশে। কয়েক দিন পরে সেই দ্বীপের হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছিলেন ওই নারী।

এই বাবা ছাড়াও এই সফরের এক যাত্রী, যিনি ডিঙি চালাচ্ছিলেন, তাঁর বিরুদ্ধেও মামলা ছিল। নৌকা চালানোর দায়ে তাঁকে ১৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি পাচারকারী ছিলেন না বলে আদালত রায় দিয়েছেন।

গ্রিসে হাফেজের আইনজীবী দিমিত্রিস চৌলিস বলেন, জানামতে, জাহাজের ধ্বংসাবশেষে কোনো আশ্রয়প্রার্থীর সন্তানের মৃত্যুর জন্য তাঁর বিরুদ্ধে মামলার ঘটনা হাফেজেরটিই প্রথম।

আরও পড়ুন