সন্ত্রাসবাদ আর উষ্ণায়ন বড় চ্যালেঞ্জ: ওলাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ সোমবার জাতিসংঘের জলবায়ু সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, সন্ত্রাসবাদ আর বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে তিনি কোনো পার্থক্য দেখেন না। এই দুটি ইস্যুই বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
বৈশ্বিক কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছাতে বিশ্বের ১৯৫টি দেশের আলোচকেরা কপ-২১ নামের এই জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন। দু্‌ই সপ্তাহের এই সম্মেলনে ১৪৮টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা যোগ দেওয়ার কথা। সম্মেলনের মূল লক্ষ্য কার্বন নিঃসরণকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে একটি চুক্তিতে উপনীত হওয়া।
ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ বলেন, ‘আমি সন্ত্রাসবাদ আর বৈশ্বিক উষ্ণায়নকে আলাদা করতে পারি না।’ তিনি বলেন, ‘এই দুটি ইস্যুই বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সন্ত্রাসবাদ মুক্ত বিশ্ব এবং দুর্যোগ সুরক্ষিত একটি গ্রহ রেখে যেতে চাই।’
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ বিশ্বনেতারা উপস্থিত ছিলেন।
প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর সেখানে এই সম্মেলন শুরু হলো। সম্মেলনস্থলকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।