সন্ত্রাসবাদবিরোধী জোটে মুসলিম দেশগুলোকেও পাশে চায় ইউরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে মুসলিম দেশগুলোকেও পাশে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মুসলিম দেশগুলোকে সঙ্গে নিয়ে জোট গঠনের উপায়ও ভাবছে তারা। গতকাল সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠক করে এসব নিয়ে আলোচনা করেছেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি ফ্রান্স ও বেলজিয়ামে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট ঘটনাগুলোর প্রেক্ষাপটে এ বৈঠক হলো। খবর এএফপি ও বিবিসির।
ইউরোপের ২৮টি দেশের জোট ইইউর এই বৈঠকের তাৎক্ষণিক আলোকপাত হচ্ছে ‘বিদেশি যোদ্ধা’ নামে পরিচিত নাগরিকদের কীভাবে সিরিয়া ও ইরাকের মতো লড়াইক্ষেত্রগুলো থেকে দেশে ফিরে আসা ঠেকানো যায়। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডরিকা মোঘারিনি বৈঠকের আগে বলেন, ‘আমরা শুরুটা করব একটি আলোচনা দিয়ে: কেবল ইউরোপে নয়, বিশ্বের অন্যান্য প্রান্তেও সন্ত্রাসবাদকে কীভাবে মোকাবিলা করা যায়। আমাদের আরও বেশি তথ্য বিনিময় করা দরকার, আমাদের আরও বেশি সহযোগিতা করা দরকার।’
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেন, প্যারিসে সন্ত্রাসীদের হাতে ১৭ ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি ‘ইউরোপ এবং বিশ্বকে বদলে দিয়েছে’। তিনি বলেন, ‘আজকে আমাদের অবশ্যই অংশীদার হতে হবে... কী আমাদের করতেই হবে, তা নিয়ে আলোচনা করতে হবে। এর মধ্যে থাকবে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্ভাব্য আদান-প্রদানের বিষয়টিও।’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডও একই সুরে বলেন, ‘মুসলিম দেশগুলোকেই সন্ত্রাসবাদের বোঝা সবচেয়ে বেশি বইতে হয়েছে। সামনের দিনগুলোতেও তারা সামনের সারিতেই থাকবে। তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। লক্ষ্য ইইউভুক্ত দেশগুলোকে সুরক্ষিত করা, তাদেরও সুরক্ষা দেওয়া।’
বৈঠকের আলোচনায় রাশিয়ার সঙ্গে ইইউর সম্পর্কের বিষয়টিও আসে। ইউক্রেন সংকটে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে কী ধরনের আচরণ করা হবে, তা নিয়ে ইইউর সরকারগুলোর মধ্যে মতভেদ সুস্পষ্ট। সেটা কীভাবে দূর করা যাবে, তা নিয়েও আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রীরা।
বন্দী প্রত্যর্পণের অনুরোধ: বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানিতে সন্ত্রাসবিরোধী অভিযানে ২০ জনের বেশি গ্রেপ্তার হওয়ার প্রেক্ষাপটে ব্রাসেলেসে বৈঠক হলো। গত বৃহস্পতিবার বেলজিয়ামে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে ভের্বিয়ে শহরে বন্দুকযুদ্ধে নিহত হয় দুই সন্দেহভাজন জঙ্গি।
অভিযানকালে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে শুক্রবার অভিযুক্ত করা হয়। এরপর শনিবার গ্রিসে গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন কয়েকজনকে। তাদের মধ্যে একজন বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে। তাকে ফেরত পাঠাতে গ্রিসকে অনুরোধ করছে বেলজিয়াম।