সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাত্ম হওয়ার বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাত্ম হওয়ার বার্তা নিয়ে তুরস্কে জি-২০ সম্মেলন শুরু হয়েছে। গতকাল রোববার এই সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের অর্থনৈতিক শক্তিধর শীর্ষস্থানীয় ২০টি দেশের নেতারা। খবর এএফপি ও রয়টার্সের।
ওই সম্মেলনে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের অবকাশ শহর আনাতোলিয়ায় পৌঁছেছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলা নিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করার এক দিন পর ওবামা তুরস্কে পৌঁছালেন।
গত শুক্রবার প্যারিসে হামলায় ১২৯ জন নিহত ও ৩৫০ জন আহত হন। পরের দিন শনিবার ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এর এক দিন পরই শুরু হলো দুই দিনব্যাপী এই সম্মেলন।
সম্মেলনে সিরিয়া ও অভিবাসন সংকট, পরিবেশ এবং অর্থনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। প্যারিসে হামলার ঘটনা এই সম্মেলনের বৈশিষ্ট্যে পরিবর্তন এনেছে। ওই আলোচ্য বিষয়গুলো কিছুটা ম্লান হয়ে গেছে প্যারিসের হামলার ঘটনাসহ সন্ত্রাসবাদবিরোধী লড়াই ও নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক উদ্বেগের কারণে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সম্মেলনে অংশ নিচ্ছেন না। তাঁর জায়গায় প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস।
স্থানীয় সময় গতকাল সকাল সাতটায় তুরস্কের আনাতোলিয়া বিমানবন্দরে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান। সম্মেলনকে ঘিরে আনাতোলিয়ায় কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে তুরস্ক সরকার। মোতায়েন করেছে ১২ হাজার পুলিশ। শীর্ষস্থানীয় অর্থনীতির দেশগুলোর নেতাদের নিরাপত্তায় অনেক তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।
সিরিয়ায় রাশিয়ার ঘোষিত আইএসবিরোধী অভিযান শুরুর পর এই প্রথম ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওবামার বৈঠকের সুযোগ করে দিল এই সম্মেলন। হোয়াইট হাউস জানিয়েছে, সম্মেলনের ফাঁকে তাঁদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে।
এ ছাড়া সম্মেলন উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ওবামার। গতকাল হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, এই জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি আরবের বাদশা সালমানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
সন্দেহভাজন পাঁচ আইএস জঙ্গি নিহত: গত শনিবার সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে পুলিশের এক অভিযান চলাকালে আইএসের সন্দেহভাজন এক ব্যক্তি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছেন। গাজিয়ানতেপ শহরের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানোর সময় সন্দেহভাজন জঙ্গি তাঁর শরীরের সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। গত ১০ অক্টোবর আঙ্কারায় সমাবেশে দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ ওই অভিযান চালায়। আঙ্কারায় ওই হামলায় ১০২ জন নিহত হন।
একই দিন গাজিয়ানতেপে তুরস্কের সেনাবাহিনী আইএসের চারজন সন্দেহভাজন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে। একটি গাড়িতে করে শহরের একটি সামরিক তল্লাশিচৌকির কাছে আসার সময় সেনাসদস্যরা তাদের গুলি করে হত্যা করেন।