সন্ত্রাসবাদবিরোধী নতুন আইন পাস ফ্রান্সে
জঙ্গিবাদ মোকাবিলায় গোয়েন্দাদের ব্যাপক নজরদারির ক্ষমতা দিয়ে নতুন আইন করছে ফ্রান্স। গতকাল মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত একটি বিল জোরালো সমর্থন নিয়ে পাস হয়। পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে এর পক্ষে ৪৩৮ ও বিপক্ষে ৮৬ ভোট পড়ে। খবর বিবিসি ও এএফপির।
নতুন আইনের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোকে তথ্য সংগ্রহ বা নজরদারি করতে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে। পার্লামেন্টে সরকারি ও বিরোধী দল উভয় পক্ষই এতে সমর্থন দেয়। এ মাসেরই পরের দিকে উচ্চকক্ষ সিনেটে এটি আলোচিত হবে।
গত জানুয়ারিতে ফ্রান্সে বিতর্কিত ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো কার্যালয়সহ একাধিক স্থানে ইসলামি জঙ্গিদের হামলায় ১৭ জন নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে নতুন আইনটির উদ্যোগ নেওয়া হয়। ফ্রান্সের সমাজতন্ত্রী সরকার বলছে, যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্রে পরিবর্তনগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই এ নতুন আইন। তবে সমালোচকদের দাবি, এর ফলে জনসাধারণের ওপর নজরদারি ভয়ানক মাত্রায় বেড়ে যাবে। তাঁদের যুক্তি, এর ফলে রাষ্ট্রের হাতে ব্যাপক ক্ষমতা চলে যাবে। এতে নতুন ধারার ‘ডিজিটাল অর্থনীতি’ও ক্ষতিগ্রস্ত হতে পারে।
নতুন আইনে গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সংগ্রহের উদ্দেশ্য ব্যাখ্যা করা হবে। এর মাধ্যমে ‘ন্যাশনাল কমিশন ফর কন্ট্রোল অব ইন্টেলিজেন্স টেকনিকস’ নামে একটি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তৈরি করা হবে। এর কার্যক্রমেরও নীতিমালা থাকবে। ইন্টারনেট সেবাদানকারী সংস্থাগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য কৌশলও থাকছে।
ফ্রান্স বলছে, নতুন আইনের মাধ্যমেই নজরদারির নতুন প্রযুক্তির ব্যবহার করবে তারা। এসব সংস্থার কাজ পর্যবেক্ষণ এবং জনসাধারণের অভিযোগ গ্রহণের জন্য নতুন একটি নজরদারি সংস্থাও তৈরি করা হবে।