সন্ত্রাসী তালিকা থেকে নাম প্রত্যাহার চায় কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাভাবিক সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠার আগে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে কিউবার নাম বাদ দিতে হবে। হাভানায় দুদেশের উচ্চপর্যায়ের মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্রকে এ কথা বলবে কিউবা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
কিউবা ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে গতকাল বুধবার থেকেই দুদিনব্যাপী উচ্চপর্যায়ের সংলাপ শুরু হওয়ার কথা ছিল। ১৯৬১ সালে ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর প্রথম আনুষ্ঠানিক প্রচেষ্টা এটি। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার নেতা রাউল কাস্ত্রো সম্পর্ক উন্নয়নের যুগান্তকারী ঘোষণা দেন।
কিউবার ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কিউবাকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসী তালিকায় রাখা ‘অন্যায্য’। একই তালিকায় নাম রয়েছে ইরান, সিরিয়া ও সুদানের। সম্পর্ক উন্নয়নের ঘোষণার আওতায় ওই তালিকা থেকে কিউবার নাম অপসারণের কোনো শর্ত রাখা হয়নি। তবে ওই কর্মকর্তা বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া হবে। তিনি বলেন, ‘কিউবার নাম ওই তালিকাতেই থাকবে, এর পরও সম্পর্ক পুনঃ প্রতিষ্ঠা হবে, এমনটা আমরা কল্পনাও করতে পারি না।’
নতুন যুগের সূচনার আশা: হাভানায় উচ্চপর্যায়ের সংলাপ দুদেশের সম্পর্কে নতুন যুগের সূচনা করতে পারে। খুলে যেতে পারে উভয় দেশের জন্যই সুযোগ ও সম্ভাবনার দুয়ার। সংলাপের আগে হাভানা সফরে যাওয়া মার্কিন কংগ্রেস সদস্যরা গত সোমবার এ কথা বলেন।
মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক দলের ছয় সদস্যের ওই প্রতিনিধিদলটি সোমবার হাভানায় কিউবার পররাষ্ট্রমন্ত্রী বুনো রড্রিগেজের পাশাপাশি কৃষি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সিনেটর প্যাট্রিক লিহির নেতৃত্বাধীন দলটিতে চারজন সিনেটর এবং দুজন প্রতিনিধি পরিষদের সদস্য রয়েছেন।