সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইউরোপজুড়ে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইংরেজি নববর্ষ সামনে রেখে ইউরোপের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার অস্ট্রিয়ার ভিয়েনা পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সম্ভাব্য এ হামলা ঠেকাতে জারি করা হয়েছে সতর্কতা। খবর সিএনএন ও রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে গতকাল রোববার বলা হয়, ভিয়েনার পুলিশ বলেছে, ‘বন্ধুসুলভ’ একটি গোয়েন্দা সংস্থা সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে ইউরোপের বিভিন্ন নগরের কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে। পুলিশ ওই ‘বন্ধুসুলভ’ গোয়েন্দা সংস্থার পরিচয় প্রকাশ করেনি।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং ইংরেজি নববর্ষ—এ দুইয়ের মাঝামাঝি সময়ে বোমা বা বন্দুকের সাহায্যে এসব হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় অস্ট্রিয়ার পুলিশের বিবৃতিতে। কোন কোন দেশ বা শহরকে হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে সম্ভাব্য কয়েকজন হামলাকারীর নাম প্রকাশ করেছে দেশটির পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার আশঙ্কা জানিয়ে এমন সতর্কতার পরিপ্রেক্ষিতে ইউরোপজুড়ে পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। পুলিশের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, সম্ভাব্য হামলাকারীদের নামধাম, পরিচয় যাচাই করা হয়েছে। তবে এই যাচাইয়ের ভিত্তিতে গতকাল পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
প্যারিসে কয়েকটি স্থানে একযোগে চালানো নজিরবিহীন সন্ত্রাসী হামলার ঘটনার প্রায় দেড় মাস পর ইউরোপের বিভিন্ন স্থানে নতুন করে সম্ভাব্য সন্ত্রাসী হামলার এ আশঙ্কা ব্যক্ত করা হলো।
সিএনএন জানায়, হামলার আশঙ্কায় অস্ট্রিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশের জনসমাগমের স্থান, বিশেষ করে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং ব্যস্ত যোগাযোগ ও বাণিজ্যকেন্দ্রগুলোর ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ।
এ ছাড়া পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও নিবিড়ভাবে নিরাপত্তা তল্লাশি পরিচালনা, জরুরি মুহূর্তে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি নিশ্চিত করা এবং পরিত্যক্ত স্যুটকেস ও ব্যাগের ওপর বাড়তি নজরদারির মতো পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
প্যারিসের নভেম্বরের হামলার ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন কয়েকজন এখনো পলাতক। সন্দেহভাজন নবম ব্যক্তিকে সম্প্রতি বেলজিয়ামে গ্রেপ্তার করা হয়েছে।
নতুন এ সতর্কতার বিষয়ে জানতে চাইলে সিএনএনের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ফরাসি পুলিশ। তবে তারা জানায়, গত ১৯ ডিসেম্বর স্কুলগুলোতে ছুটি শুরুর পর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিরাপত্তায় ৪৮ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী মাসে আরও দুই হাজার নতুন পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার।
সম্ভাব্য সন্ত্রাসী হামলা ও ওই সতর্কতা জারি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বেলজিয়াম সরকার। আর জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, প্রায়োগিক কারণেই কোনো সুনির্দিষ্ট পরিস্থিতির ওপর তারা মন্তব্য করেন না। তবে তিনি বলেন, জার্মানি এরই মধ্যে সন্ত্রাসবাদের ঝুঁকিতে রয়েছে। প্যারিস হামলার পর তাঁর দেশ নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে প্রয়োজনমাফিক ব্যবস্থা নিয়েছে।
এ বিষয়ে ইউরোপের অন্যান্য দেশের বক্তব্য জানা যায়নি।
গত সপ্তাহেই চীনের বেইজিংয়ে বড়দিন উদ্যাপনের সময় পশ্চিমা নাগরিকদের ওপর হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া নিজ নিজ নাগরিকদের সতর্ক করেছিল।