
সন্ত্রাসী হামলায় ট্রাক বা গাড়িবোমার ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু বিস্ফোরক ছাড়া শুধু যানবাহনই যখন হামলার মারণাস্ত্র হয়ে ওঠে, তখন তা নতুন উদ্বেগের বিষয়।
সন্ত্রাসী হামলায় ট্রাককে অস্ত্র হিসেবে ব্যবহারের কৌশল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশে জঙ্গি-সন্ত্রাসীরা আগেও ব্যবহার করেছে। তবে সেসব হামলার ভয়াবহতা ও প্রাণহানির সংখ্যা ফ্রান্সের নিস শহরের ঘটনার আগ পর্যন্ত তুলনামূলকভাবে কমই ছিল।
হামলার কৌশল হিসেবে ট্রাকের ব্যবহার চলছে বেশ কিছুদিন ধরেই। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার ইয়েমেনি শাখা পশ্চিমা দেশে অস্ত্র হিসেবে ট্রাকের ব্যবহার উৎসাহিত করে অনলাইনভিত্তিক পত্রিকা ওয়েবজাইনে একটি লেখা প্রকাশ করে ২০১০ সালে। লড়াইয়ে পিকআপ ট্রাক ব্যবহার করার কথা বলা হয় এতে।
২০১৪ সালের সেপ্টেম্বরে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক মুখপাত্র একইভাবে হামলাকে উৎসাহ দিয়ে সদস্যদের উদ্দেশে বলেন, ‘শত্রুদের ওপর তোমার গাড়ি চালিয়ে দাও।’ এর এক মাস পর ২০ অক্টোবর কানাডীয় নাগরিক মার্টিন রোলিউ কোচার কুইবেক শহরে ট্রাক চালিয়ে দুই সেনাসদস্যের ওপর তুলে দেন। ওই ঘটনায় একজন নিহত ও অপরজন আহত হন। দৃশ্যত সিরিয়ায় আইএসে যোগ দিতে যাওয়ার ব্যর্থ চেষ্টায় তুরস্কও সফর করেছিলেন রোলিউ।
একই বছর ফ্রান্সের নানতেস ও দিজঁ শহরে ট্রাক চালিয়ে দেওয়ার দুটি ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় জড়িত লোকজনের উদ্দেশ্য ছিল অস্পষ্ট। বিবিসির তথ্য অনুযায়ী, ওই হামলাকারীদের দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ থাকার কথা জানা গিয়েছিল।
এর আগে ২০১৩ সালের মে মাসে যুক্তরাজ্যের লন্ডনে প্রকাশ্যে দুই জঙ্গি ব্রিটিশ সেনা লি রিগবিকে শিরশ্ছেদ করার চেষ্টার আগে তাঁর ওপর গাড়ি চালিয়ে দেন। নাইজেরীয় বংশোদ্ভূত ওই দুই হামলাকারী বলেছিলেন, ব্রিটিশ সেনাদের হাতে মুসলিমদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতেই তাঁরা এ কাজ করেন।
ট্রাক জাতীয় বড় গাড়ি নিয়ে হামলার কৌশল যুক্তরাষ্ট্রেও ব্যবহার হয়েছে। ২০০৬ সালে একজন ইরানি বংশোদ্ভূত মার্কিন একটি জিপ গাড়ি ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার চ্যাপেল হিলে সমবেত কিছু শিক্ষার্থীর ওপর তুলে দেন। এ ঘটনায় নয়জন আহত হন। পরে হামলাকারী বলেন, যুক্তরাষ্ট্র সরকার তাঁর দেশের নাগরিকদের মারছে। এর প্রতিবাদে তিনি এ কাজ করেছেন।
এক বছর পর ইরাকযুদ্ধের বিরোধী দুই ব্রিটিশ যুক্তরাজ্যেরই গ্লাসগো বিমানবন্দরের প্রবেশপথ এলাকায় বেপরোয়াভাবে জিপ গাড়ি চালিয়ে দেন। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।
ফ্রান্সের নিস শহরের হামলাকারী ঠিক কী কারণে এ কাজ করতে প্ররোচিত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে এটা স্পষ্ট, এ ধরনের নিঃসঙ্গ হামলাকারীরা ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছেন। বিশ্লেষকেরা বলছেন, এ অবস্থায় বিভিন্ন দেশ, বিশেষত পশ্চিমা দেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে গাড়ি নিয়ে হামলার আশঙ্কা আরও বেশি বিবেচনায় আনতে হবে।