সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়বে তুরস্ক: এরদোয়ান

সব সন্ত্রাসী গোষ্ঠীর সব ধরনের সন্ত্রাসী হামলার অবসান ঘটাতে তুরস্ক লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নতুন বছর উদ্যাপনের সময় ইস্তাম্বুল শহরের একটি নৈশ ক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৯ জন নিহত হওয়ার পর তিনি এ কথা বলেন। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এরদোয়ান এক লিখিত বিবৃতিতে বলেন, ‘জাতি হিসেবে আমরা শুধু সন্ত্রাসী গ্রুপগুলোর সশস্ত্র হামলার বিরুদ্ধেই নয়, তাদের মদদদাতাদের শেষ করতে আমরা লড়াই করব। এমনকি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধেও লড়ব।’
এরদোয়ান বলেন, ‘তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মনোবল ভেঙে দিতে চাইছে এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে ঘৃণ্য হামলা চালিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে।...আমরা জাতি হিসেবে নিয়ন্ত্রিত থাকব। আরও ঐক্যবদ্ধ হব এবং কাউকে এ ধরনের নোংরা খেলা খেলার সুযোগ করে দেব না।’