সন্ত্রাসে রক্তাক্ত ব্রাসেলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে গতকাল সকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আহত কয়েকজনকে পড়ে থাকতে দেখা যায়। আহত আরও কয়েকজন ছোটাছুটি করছেন। ঘটনাস্থলে বসে আছেন রক্তাক্ত দুই নারী (ইনসেটে) l ছবি: রয়টার্স
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে গতকাল সকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আহত কয়েকজনকে পড়ে থাকতে দেখা যায়। আহত আরও কয়েকজন ছোটাছুটি করছেন। ঘটনাস্থলে বসে আছেন রক্তাক্ত দুই নারী (ইনসেটে) l ছবি: রয়টার্স

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) গতকাল মঙ্গলবার সন্ত্রাসী হামলা হয়েছে। এক ঘণ্টার ব্যবধানে জোড়া এই হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই শতাধিক। এ ঘটনার পর বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ইউরোপজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে একযোগে কয়েকটি স্থানে আইএসের হামলায় নিহত হন ১৩০ জন। ওই হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেসালামকে ব্রাসেলস থেকে আটক করা হয় ১৮ মার্চ। তাঁকে গ্রেপ্তারের পর থেকেই সতর্ক অবস্থায় ছিল বেলজিয়ামের কর্তৃপক্ষ। কিন্তু আবদেসালাম গ্রেপ্তারের চার দিনের মাথায় জোড়া হামলায় রক্তাক্ত হলো ব্রাসেলস।
হামলার দায় স্বীকার করে অনলাইনে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর চেয়েও ভয়াবহ হামলা আসছে বলেও হুমকি দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বিবৃতিটি সঠিক হতে পারে।
গতকালের প্রথম হামলার ঘটনাটি ঘটে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং ইউরোপের ২৮ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে। স্থানীয় সময় সকাল আটটার দিকে (গ্রিনিচ সময় সাতটা) সেখানে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে এর এক ঘণ্টার মাথায়। এ হামলার লক্ষ্যবস্তু ছিল ম্যালবিক মেট্রো স্টেশন।
জাভেনতেম বিমানবন্দরে বোমা দুটি বিস্ফোরিত হয় সেখানকার বহির্গমন হলে। আরেকটি বোমা বিস্ফোরিত হয়নি। সেটি পরে নিষ্ক্রিয় করে সেনাবাহিনী। বেলজিয়ামের প্রসিকিউটর ফ্রেডরিক ভন লিউ বলেছেন, বিমানবন্দরে হামলায় সম্ভবত তিন জঙ্গি অংশ নেয়। এর মধ্যে দুজন আত্মঘাতী হামলা চালায়। এক হামলাকারীর মৃতদেহের কাছে পাওয়া গেছে একটি একে-৪৭ রাইফেল। তৃতীয় হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। সন্দেহভাজন এই তিন হামলাকারীর ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বোমা বিস্ফোরণের পর বিমানবন্দরে তাঁরা রক্তের ভেতরে অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখেন। অনেকের হাত-পা, অঙ্গপ্রত্যঙ্গ উড়ে গেছে। বিস্ফোরণের আগমুহূর্তে তাঁরা বিমানবন্দরের ভেতরে আরবিতে চিৎকার করে কিছু বলতে শুনেছেন।
ব্রাসেলস ফায়ার সার্ভিসের মুখপাত্র পিয়রে মেইস বলেন, বিমানবন্দরে বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ৯২ জন আহত হয়েছেন।
বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টুইটারে বলেছেন, আজ বুধবার পর্যন্ত বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।
দ্বিতীয় হামলাটি হয় ম্যালবিক মেট্রো স্টেশনে। এর কাছেই ইইউর প্রধান কার্যালয়। স্টেশন থেকে কর্মস্থলগামী মানুষজনকে নিয়ে কমিউটার ট্রেনগুলো তখন কেবল একের পর এক গন্তব্যে যাওয়া শুরু করেছিল। বিস্ফোরণের পর ব্রাসেলসের পুরো মেট্রো ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়।
ব্রাসেলসের মেয়র ইভার মেইউর বলেছেন, স্টেশনে হামলায় ‘কমবেশি ২০ জন’ নিহত ও ১০৫ জন আহত হয়েছেন।
মেট্রো স্টেশনে এই সন্ত্রাসী হামলার পর ব্রাসেলসের যোগাযোগব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। বিমান ও রেল যোগাযোগের পাশাপাশি ব্রাসেলসের সড়ক যোগাযোগও স্থগিত করা হয়। পরে দুটি রেলস্টেশন খোলা হলেও প্রধান স্টেশনটি বন্ধ রয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিশেল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হামলাকে ‘অন্ধ, হিংসাত্মক ও কাপুরুষোচিত’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘এটা বেদনার দিন; এটা একটি কালো দিন।’
বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জান জামবোন হামলার ঘটনার পর দেশে সন্ত্রাসী হামলার সতর্কতা সর্বোচ্চ মান চারে উন্নীত করার ঘোষণা দেন। লোকজন যে যেখানে আছে, সেখানেই অবস্থান নিতে বলা হয়। এ ছাড়া দেশটির সব পারমাণবিক স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়। হামলার ঘটনায় বেলজিয়ামে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বেলজিয়ামের শোকে সংহতি প্রকাশ করে নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্র ভবনে এবং প্যারিসে আইফেল টাওয়ারে গতকাল রাতে বেলজিয়ামের পতাকার রঙে আলোকসজ্জা করা হয়।
হামলার ঘটনার পর ইউরোপজুড়ে বিভিন্ন রাজধানীতে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, আমস্টারডামসহ বড় শহরগুলোর বিমানবন্দর, সীমান্ত ও বন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আটলান্টিকের ওপারে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের জনবহুল এলাকা ও রেলস্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বেলজিয়াম ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য।
হামলার ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, জড়িতদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ‘পুরো ইউরোপের ওপরই আঘাত করা হয়েছে।’ ব্রিটিশ মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘আমরা এই সন্ত্রাসীদের কখনোই জিততে দেব না।’
হামলার নিন্দা জানিয়েছেন পোপ ফ্রান্সিস ও ইইউর পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ফেডারিকা মোঘারিনি।
গত আট মাসে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হওয়া রাশিয়া ও তুরস্কও বলেছে, এই হামলা জাতি-ধর্ম-বর্ণ-সীমানানির্বিশেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
কিউবা সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘জাতীয়তা-বর্ণ-ধর্মবিশ্বাসনির্বিশেষে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্বজুড়ে যারা মানুষের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করছে, আমরা তাদের পরাজিত করতে পারি; তাদের পরাজিত করবই।’