সন্ত্রাসের অভিযোগে ব্রিটিশ নাগরিকত্ব বাতিল বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করাকে বৈধ বলে রায় দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত। সুদানি বংশোদ্ভূত এক ব্যক্তির ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার দাবিতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের স্ট্রাসবুর্গের আদালত-ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস এই রায় দিয়েছে।
পরিচয় প্রকাশ না করা সুদানি বংশোদ্ভূত ওই ব্যক্তি বিদেশে থাকা অবস্থায় তাঁর নাগরিকত্ব বাতিল করায় আর যুক্তরাজ্যে ফিরতে পারেননি। এতে আইনের আশ্রয় নেওয়ার যথাযথ সুযোগও হারান তিনি।
ধারণা করা হচ্ছে, ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করার এই নীতি সর্বোচ্চ আদালতে টিকে যাওয়ায় এ আইনের ক্ষমতা প্রয়োগ বেড়ে যেতে পারে। সন্ত্রাসবাদের অভিযোগের মুখে আইনের ফাঁদে পড়তে পারেন কোনো অভিবাসী ব্রিটিশ নাগরিক। আর অপরাধের সাজা না দিয়ে নাগরিকত্ব বাতিল কোনো সমাধান কি-না, তা নিয়েও রয়েছে প্রশ্ন।
সুদানি বংশোদ্ভূত ওই ব্যক্তি ২০০৯ সালে জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে থাকা অবস্থায় তিনি যুক্তরাজ্য থেকে বিদেশে চলে যান। ২০১০ সালের ১৪ জুন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে (বর্তমান প্রধানমন্ত্রী) এক আদেশে তাঁর ব্রিটিশ পাসপোর্ট বাতিল করেন এবং যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করেন। তখন ওই ব্যক্তি সুদানে ছিলেন।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, ওই ব্যক্তি প্রথমে সোমালিয়ায় গিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত হন। সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন তিনি। পরে যুক্তরাজ্যের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে বিষয়টি ইউরোপীয় মানবাধিকার আদালতে যায়।
সুদানি বংশোদ্ভূত ওই ব্যক্তি দাবি করেন, ব্রিটিশ পাসপোর্ট বাতিল এবং যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করে তাঁকে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
আইএস যোগ দেওয়া ব্রিটিশ নাগরিকেরা যাতে দেশে ফিরে আসতে না পারে সে জন্য ২০১৪ সালে থেরেসা মে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা আরও বৃদ্ধি করেন।