
জার্মানির বার্লিনে বড়দিনের সামগ্রীর বাজারে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে এক তিউনিসীয় যুবকের নাম প্রকাশ করা হয়েছে। ২৪ বছর বয়সী ওই যুবকের নাম আনিস আমরি। তাঁকে ধরতে সহযোগিতার জন্য এক লাখ ইউরো পুরস্কার ঘোষণা করেছে জার্মানির কেন্দ্রীয় প্রকৌশলীর কার্যালয়। তাঁর খোঁজে ইউরোপজুড়ে তল্লাশি অভিযান চলছে।
এদিকে তিউনিসিয়ার কর্তৃপক্ষ গতকাল বুধবার জানায়, আনিস আমরির বাবা-মা ও স্বজনদের এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা থাকেন দেশটির কেন্দ্রীয় অঞ্চলের কুয়েসলাতিয়া শহরে।
তিউনিসিয়ার নিরাপত্তা কর্মকর্তারা আরও জানান, দেশে থাকতে মাদকসংক্রান্ত অভিযোগে একাধিকবার আনিস আমরিকে গ্রেপ্তার করা হয়েছিল। তিউনিসিয়ায় ২০১১ সালে স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলীর বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের পর আনিস ইতালি চলে যান। সেখানে তিন বছর থাকার পর পাড়ি জমান জার্মানিতে।
বার্লিনে গত সোমবার বড়দিনের সামগ্রীর একটি বাজারে ভারী ট্রাক চালিয়ে দেওয়া হয়। এতে ১২ জন নিহত হয়। এ ঘটনায় সন্দেহভাজন পাকিস্তানি এক আশ্রয়প্রার্থীকে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বার্লিনের এ রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে। হামলার দায় স্বীকার করে আইএসের বার্তা সংস্থা আমাক গত মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে একটি বিবৃতি দেয়। তাদের ভাষ্য, আইএসের বিরুদ্ধে যুদ্ধরত জোটের দেশগুলোর নাগরিকদের বিরুদ্ধে বদলা নিতে ‘তাদের একজন যোদ্ধা’ এ কাজ করেছে।
ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীতে জার্মানিও অংশ নিচ্ছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইজিয়ের বলেন, হামলায় জড়িত ব্যক্তি পালানোর সুযোগ পাবে না। কয়েক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।
বড়দিনে কেনাকাটায় ব্যস্ত লোকজনের ওপর উঠিয়ে দেওয়া ট্রাকটি কাছেই থামিয়ে রাখা ছিল। এটি ইতালি থেকে ইস্পাতের চালান নিয়ে এসেছিল। এর কাছেই কিছু মুসলিমের বসবাস। ট্রাকটির মূল পোলিশ চালককে মৃত পাওয়া গেছে। তাঁর শরীরে ছিল আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী হামলাকারী তাঁকে হত্যা করে গাড়িটি নিয়ন্ত্রণে নেয়।
ফ্রান্সের নিস শহরে গত ১৪ জুলাই প্রায় একই কায়দায় ভারী ট্রাক চালিয়ে দিয়ে এক সন্দেহভাজন জঙ্গি ৮৬ জনকে হত্যা করেছিল। সেও ছিল তিউনিসীয় বংশোদ্ভূত।