সন্ধ্যার ঝলমলে প্যারিস রাতে মৃত্যুপুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে শুক্রবারের সন্ধ্যাটা সব সময় ঝলমলে। সাপ্তাহিক ছুটি শুরুর আগের সন্ধ্যায় সবাই ফুরফুরে মেজাজে থাকেন। আর স্বপ্নপুরী প্যারিসের কথা তো আলাদা। ইউরোপের সব থেকে বড় মেগা মেট্রোপলে শুক্রবার রাতে নেমে আসেন লাখো মানুষ। কফি, বার, সিনেমা হল, ডিসকো, কনসার্ট—সর্বত্রই লোকে লোকারণ্য। আর এই শুক্রবারের বাড়তি আকর্ষণ ছিল প্যারিসের স্টাডে ডি ফ্রান্স ষ্টেডিয়ামে ফ্রান্স ও জার্মানির প্রীতি ফুটবল ম্যাচ।
সেই ফ্রান্স এখন মৃতপুরী। আমার বাসা প্যারিসের পূর্ব অঞ্চলের আলোচিত কার্টুন পত্রিকা শার্লি এবদোর অনতিদূরে; ভলতেয়ার সড়কে। শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ক্যাফেতে গেয়েছিলাম। সেখানে বসেই প্যারিসজুড়ে সন্ত্রাসী হামলার তথ্য জেনে মূঢ় হয়ে যাই। আতঙ্ক-উদ্বেগ আমাদের স্থির থাকতে দিচ্ছিল না। বাসায় ফিরতে চাইলাম, কিন্তু তখনই সম্ভব হলো না। কর্তৃপক্ষ হামলার সঙ্গে সঙ্গে যান চলাচল বন্ধ করে দিয়েছে। নিরাপত্তারক্ষীরা কাউকে রাস্তায় বের হতে দিচ্ছিল না। গভীর রাত পর্যন্ত যে যেখানে ছিল, সেখানেই অপেক্ষা করছিল চরম আতঙ্ক নিয়ে। ফোনে চলছিল পরিচিতদের খুঁজে ফেরা। কর্তৃপক্ষের অনুমতি পেয়ে গভীর রাতে বাসায় ফিরতে শুরু করে বাইরে আটকে পড়া মানুষেরা।
প্যারিস এখন মৃতপুরী! বাসার জানালা দিয়ে যে রাস্তা দেখছি, তার সঙ্গে অন্য সব দিনের মিল নেই। রাস্তাঘাট ফাঁকা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন। জরুরি কাজ ছাড়া বাইরে যাওয়ার বারণ আছে। রেডিও, টিভিতে বারবার সে ঘোষণা আসছে। কেমন যেন যুদ্ধাবস্থা! সবার মধ্যে অনিশ্চয়তা, আতঙ্ক। প্রতিবেশীরা ফোনে একে অন্যের খোঁজ নিচ্ছেন। আমার এক প্রতিবেশীর কন্যা সারা রাত ঘরে ফেরেননি; মোবাইল ফোন বন্ধ ছিল বলে বাড়িতে কান্নার রোল উঠেছিল। ভাগ্য ভালো, তিনি সকালে ফিরে এসেছেন।
নাগরিকদের রক্ত দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে একটু পরপর। কাছের হাসপাতালে বান্ধবীকে নিয়ে রক্ত দিতে গেলাম। নানা ধর্ম-বর্ণের মানুষ রক্ত দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন। আহত আর নিহত ব্যক্তিদের পরিবারের আহাজারিতে পুরো হাসপাতাল এলাকার পরিবেশ ভারী। সেখানেও ভারী অস্ত্র হাতে নিরাপত্তারক্ষীরা টহল দিচ্ছেন। সন্দেহ হলেই যে কাউকে তল্লাশি করছেন।
আজ একটি ছবির প্রদর্শনীতে যাওয়ার কথা ছিল আমার। সেটি বাতিল হয়েছে।
আমাদের ফ্রান্স সংকটে পড়েছে। কিছু দিনের মধ্যে দৃশ্যমানভাবে হয়তো তা কেটেও যাবে। তবে ভেতরের ক্ষত কি সহজে শুকাবে। এখন আলোচনা হচ্ছে, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে এই সন্ত্রাসী ঘটনার ফায়দা লুটবে অতি জাতীয়তাবাদী বিদেশি বিদ্বেষী মেরি লিপেনের ন্যাশনাল ফ্রন্ট দল।
আমার জন্ম এই দেশে; বেড়ে ওঠা, শিল্পী হওয়া—সব। কিন্তু হঠাৎ করেই চিরচেনা প্যারিস যেন বদলে গেল। কেমন যেন অপরিচিত আর ভুতুড়ে লাগছে প্রিয় প্যারিসকে।
অনুলিখন: সরাফ আহমেদ, প্রথম আলোর জার্মানি প্রতিনিধি