সবচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, অভিজাত হাতঘড়ি আর নামীদামি বেসরকারি ব্যাংকের জন্য বিখ্যাত সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ। টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের (এসডিএসএন) নতুন এক জরিপের ফল সে কথাই বলছে। ১৫৮টি দেশের ওই তালিকায় সুইজারল্যান্ডের পর রয়েছে যথাক্রমে আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও কানাডা। খবর এএফপি ও বিবিসির।
জরিপ অনুযায়ী, সবচেয়ে কম সুখী দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে আফ্রিকার টোগো। এরপর যথাক্রমে বুরুন্ডি, সিরিয়া, বেনিন এবং রুয়ান্ডার অবস্থান। সিরিয়া ছাড়া প্রথম পাঁচের এই দেশগুলোও আফ্রিকার। জাতিসংঘের উদ্যোগে এসডিএসএন গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৫’ প্রকাশ করে।
সুখী দেশের তালিকায় দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯। ভারত ১১৭ এবং পাকিস্তান ৮১তম স্থানে রয়েছে।
‘গ্যালাপ ওয়ার্ল্ড পোল’ জরিপের তথ্য-উপাত্ত এবং মাথাপিছু আয়, দীর্ঘায়ু, দুর্নীতির মাত্রা এবং সামাজিক স্বাধীনতার মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে সুখী দেশগুলোর এ তালিকা তৈরি করা হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, সামাজিক অগ্রগতি এবং সরকারি নীতির লক্ষ্য হিসেবে সুখ একটি সঠিক মাপকাঠি হিসেবে ক্রমশ বেশি গুরুত্ব পাচ্ছে। জনসাধারণের অধিকতর উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দেশের জাতীয় ও স্থানীয় সরকার এখন সুখবিষয়ক তথ্য-উপাত্ত ও গবেষণার ফলাফল আগের তুলনায় বেশি ব্যবহার করছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি গবেষকদের সমন্বয়ে এসডিএসএন ২০১২ সালে যাত্রা শুরু করে। এ বছর তারা তৃতীয়বার ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করল।