ইসলামি সন্ত্রাসবাদ জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। নতুন বছর উপলক্ষে দেওয়া বার্তায় এ কথা বলেছেন তিনি।
সম্প্রতি বার্লিনে তিউনিসিয়ার এক শরণার্থীর চালানো ট্রাক হামলার কথা স্মরণ করে ম্যার্কেল বলেন, যখন আশ্রয়প্রার্থীরা সন্ত্রাসী হামলা চালান, তখন এটি ‘বিরক্তিকর’ হয়ে দাঁড়ায়। তিনি বলেছেন, ২০১৬ সাল ছিল একটি ‘কঠিন পরীক্ষার’ বছর। তবে তিনি জানান, এ অবস্থা থেকে জার্মানি ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাস আছে তাঁর।
জার্মানির চ্যান্সেলর বলেন, ‘নিজেদের জীবন ও কাজ নিয়ে সন্ত্রাসীদের আমরা বলতে চাই, তোমরা ঘৃণায় পূর্ণ খুনির দল। কিন্তু আমরা কীভাবে জীবন কাটাব, তা তোমরা ঠিক করে দেবে না। আমরা মুক্ত ও উদার।’
দুই সপ্তাহ আগে বার্লিনে ট্রাক হামলায় ১২ জন নিহত হন। এর আগে গেল বছরের প্রথম দিকে ট্রেনে এক আফগান কিশোরী কুঠার দিয়ে হামলা করলে পাঁচজন আহত হয়েছিলেন। অন্যদিকে আশ্রয় পাওয়ার আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় একটি পানশালার সামনে এক সিরীয় শরণার্থী নিজেকে বোমায় উড়িয়ে দিলে ১৫ জন আহত হয়েছিলেন। শরণার্থীদের চালানো এসব হামলার কারণে ২০১৫ সালে ১০ লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার যে সিদ্ধান্ত ম্যার্কেল নিয়েছিলেন, তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তবে নতুন বছর উপলক্ষে দেওয়া বার্তায় ম্যার্কেল তাঁর ওই সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ ও সঠিক’ বলে মন্তব্য করেছেন।