সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক
সুইজারল্যান্ডকে পেছনে ফেলে এ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ডেনমার্ক। অন্যদিকে সবচেয়ে কম সুখের দেশ বিবেচিত হয়েছে আফ্রিকান দেশ বুরুন্ডি।
সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক (এসডিএসএন) ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউটের তৈরি করা প্রতিবেদনটি গতকাল বুধবার প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, সুখী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে সুইজারল্যান্ড ও আইসল্যান্ড তৃতীয় অবস্থানে। শীর্ষ ১০ সুখী দেশের তালিকায় ক্রমান্বয়ে রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেনের নাম। এ ছাড়া যুক্তরাষ্ট্র ১৩, জার্মানি ১৬, যুক্তরাজ্য ২৩, ফ্রান্স ৩২ ও ইতালি ৫০তম অবস্থানে রয়েছে।
এসডিএসএন প্রধান ও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ উপদেষ্টা মার্কিন নাগরিক জেফরি স্যাকস বলেন, ‘গত ৫০ বছরে অত্যন্ত ধনী হওয়া আমার দেশের জন্য এ প্রতিবেদনে একটি শক্ত বার্তা রয়েছে। আমাদের সমাজ অর্থের পেছনে ছুটছে, যেটা নেহাতই ভুল।’
প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, আফগানিস্তান এবং সাব-সাহারার আটটি দেশ পৃথিবীতে বাঁচার জন্য সবচেয়ে কম সুখকর স্থান। এই সাব সাহারার দেশগুলো হলো বুরুন্ডি, মাদাগাস্কার, তানজানিয়া, লাইবেরিয়া, গিনি, রুয়ান্ডা, বেনিন ও টোগো।
প্রতিবেদনটিতে ১৫৭টি দেশের মধ্যে তুলনা করা হয়। মাথাপিছু জিডিপি, স্বাভাবিক আয়ুর প্রত্যাশা, সামাজিক সহযোগিতা, উদারতা ও নিজ জীবনযাপন নিজের বেছে নেওয়ার স্বাধীনতাসহ অন্য সবকিছু বিবেচনা করা হয় এতে। বলা হয়, ছয়টি মানদণ্ডে সুখ পরিমাপ করা সম্ভব।