সবার পছন্দনীয় শব্দে ভরপুর জলবায়ু চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহের আলোচনা ও ব্যাপক দর-কষাকষির পর প্যারিসের জলবায়ু সম্মেলনে যে চুক্তিটি হলো, তা প্রায় সবারই পছন্দ—এমন বাছা বাছা শব্দে ভরপুর। এতে সচেতনভাবেই একধরনের নমনীয়তা রাখা হয়েছে। এর লক্ষ্য শুধু ১৯৫টি আলাদা দেশের বিচিত্র স্বার্থকে জায়গা দেওয়াই নয়, আইনি কর্তৃত্বের ঘাটতির ক্ষতিপূরণ করাও অন্যতম উদ্দেশ্য। আইনি বাধ্যবাধকতার কড়াকড়ি কম থাকায় বিশেষ করে দরিদ্র ও বিপন্ন দেশগুলোর সরকারকে আশ্বস্ত করতে এতে উদ্দীপনামূলক কথার ফুলঝুরি ফোটাতে হয়েছে ভালোই।
চুক্তিটি গৃহীত হওয়ার কয়েক ঘণ্টা আগে এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, ‘আপনি সব সময় নিজের পছন্দমতো শর্তে অন্যদের কাজ করতে চাপ দিতে পারেন না।...শুধু পক্ষগুলোকে প্রণোদনা দিন, যাতে তারা নিজের মতো করে কাজ করতে পারে।’
প্যারিসে কপ-২১ সম্মেলনে অংশ নেওয়া বেশির ভাগ দেশ এ কথা মেনে নিয়েছে যে ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতার সমস্যা মোকাবিলা করা রীতিমতো জটিল কাজ। কিছু ব্যতিক্রম ছাড়া দেশগুলোর মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানির উৎস পরিত্যাগ করার সদিচ্ছা দেখা গেছে। তবে অনেক দেশকেই আরও বেশ কিছুদিন বিদ্যুৎ উৎপাদনের জন্য বিপুল পরিমাণ কয়লা পুড়িয়ে যেতে হবে। সবাই জানে, বিশুদ্ধ জ্বালানির পর্যায়ে যেতে হাজার হাজার কোটি ডলারের প্রয়োজন হবে। তবে সবাই যে বিষয়টি মানতে রাজি ছিল না তা হচ্ছে, একগাদা আন্তর্জাতিক বিধিনিষেধের বোঝা; যাতে বলে দেওয়া হবে দেশগুলো কীভাবে কী করবে। কাজে কাজেই চুক্তির চূড়ান্ত খসড়ায় দেখা যায় দেশগুলোকে বারবার ব্যবস্থা নেওয়ার জন্য ‘আমন্ত্রণ জানানো হচ্ছে’, ‘আহ্বান করা হচ্ছে’, ‘অনুরোধ করা হচ্ছে’ এবং ‘আরও আহ্বান করা হচ্ছে’।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার মতো উচ্চাভিলাষী লক্ষ্যগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো অর্জনের মতো বাস্তবসম্মত উপায় আছে—এমন আস্থা মানুষের মধ্যে গড়ে তুলতে হবে। প্যারিসের আলোচনাকে জোটবদ্ধতার সেরা দৃষ্টান্ত আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। চুক্তিটি বাস্তবায়নের ব্যাপারে জাতিসংঘ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। তবে মূল কাজটা জাতীয় এবং স্থানীয় পর্যায়েই সম্পন্ন করতে হবে। এ সরকার ও বড় ব্যবসায়ীদের সুনির্দিষ্ট কৌশল বেছে নিয়ে এগোতে হবে।
পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের পরিচালক ইওয়াখিম শেনোবার বলেন, এই চুক্তি নাগরিক সমাজ, ভোক্তা এবং ব্যবসায়ীদের একটি বার্তা দেবে। এখন তাঁরাই নির্ধারণ করবেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার কাজটা কীভাবে সম্পন্ন হবে।
প্রায় সব ধরনের আনুমানিক হিসাব অনুযায়ী কার্বন নিঃসরণ কমাতে হলে নবায়নযোগ্য জ্বালানি খাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করতে হবে। এ ছাড়া তেল, কয়লা, গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানির সঙ্গে পাল্লা দিতে নতুন জ্বালানির জন্য ভর্তুকি দিতে হবে। এই পরিবর্তন ইতিমধ্যে শুরু হয়েছে। উন্নত বিশ্বে কয়লার ব্যবসা পড়ে গেছে। আর সৌর প্যানেলের দাম কমে যাওয়ায় ব্যবহারও বাড়ছে। তবে প্রতিটি দেশকে নিজেদের জ্বালানির ব্যবহার পাল্টানোর জন্য কঠিন বাধা অতিক্রম করতে হবে।