সমঝোতার জন্য সিরিয়া প্রস্তুত: বাশার
সিরিয়ার সরকার সমঝোতার জন্য ‘সবকিছু’ নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ কথা বলেছেন। প্রস্তাবিত এই আলোচনা কাজাখস্তানে অনুষ্ঠিত হবে। তবে প্রেসিডেন্ট বাশার বলেছেন, তারিখ নির্ধারণ করা হয়নি। আর আলোচনায় বিরোধী পক্ষের প্রতিনিধি কে হবেন, সেটাও অস্পষ্ট।
বাশার আরও বলেন, তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় সম্পাদিত অস্ত্রবিরতির লঙ্ঘন হচ্ছে এবং সিরিয়ার সেনাবাহিনী এখন দামেস্কের কাছাকাছি একটি এলাকা পুনরুদ্ধার করতে চাইছে। বিদ্রোহীরা সেখান থেকে রাজধানীতে পানি সরবরাহের প্রধান ক্ষেত্রটি নিয়ন্ত্রণ করছে।
ফরাসি সংবাদমাধ্যমের কাছে বাশার আল-আসাদ এসব কথা বলেছেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা পরে সেগুলো প্রকাশ করেছে। তাঁর প্রেসিডেন্ট পদে থাকা না-থাকা নিয়ে সরকার আলোচনার জন্য প্রস্তুত কি না—জানতে চাইলে বাশার বলেন, ‘হ্যাঁ। কিন্তু আমার পদটি সংবিধানের সঙ্গে যুক্ত। তারা যদি এ বিষয়ে আলোচনা করতে চায়, সংবিধান নিয়েই আলোচনা করতে হবে।’