সমঝোতার জন্য যে ছয় ইস্যু জেলেনস্কির কাছে গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ছবি: রয়টার্স

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা সফল করতে ছয়টি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে সুরক্ষিত করতে নিশ্চয়তা চেয়েছেন তিনি। খবর বিবিসির

স্থানীয় সময় গতকাল বুধবার রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, ‘বিশ্বকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।’ তিনি রাশিয়ার ওপর আরও অবরোধ আরোপ, ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা এবং নো-ফ্লাই জোন বাস্তবায়নে তার আহ্বানও পুনর্ব্যক্ত করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের সংলাপ সফল হওয়ার জন্য তাঁর দেশের সুরক্ষা নিশ্চিত করা হলো পূর্বশর্ত। তিনি বলেন, ‘শান্তি আলোচনায় আমার অগ্রাধিকার সুস্পষ্ট। সেগুলো হলো যুদ্ধের অবসান, নিরাপত্তার নিশ্চয়তা, সার্বভৌমত্ব, ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা অক্ষুণ্ন রাখা, আমাদের দেশের জন্য প্রকৃত নিশ্চয়তা, আমাদের দেশের প্রকৃত সুরক্ষা।’

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে বেশ কয়েক দফা বৈঠকে বসেছেন কিয়েভ ও মস্কোর প্রতিনিধিরা। শান্তি আলোচনায় রাশিয়াও কয়েকটি দাবি তুলেছে। ইউক্রেনের ন্যাটোর সদস্য না হওয়া, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড এবং দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির শর্ত জুড়ে দিয়েছে মস্কো।

জেলেনস্কি তার সর্বশেষ রাত্রিকালীন ভাষণে আরও দাবি করেন, সিরিয়া, চেচনিয়া ও আফগান যুদ্ধের চেয়েও বেশি রুশ সেনা হতাহত হয়েছেন ইউক্রেনে। তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়া এত বেশি সেনা হারিয়েছে, সিরিয়া, চেচনিয়া, এমনকি আফগান যুদ্ধেও এত সোভিয়েত সেনা হতাহত হয়নি।’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া হিসাব অনুযায়ী, ইউক্রেনে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। অবশ্য ইউক্রেনের দাবি, এ সংখ্যা দ্বিগুণের বেশি।

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, আফগান যুদ্ধে (১৯৭৯-৮৯) প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হন। চেচনিয়ার যুদ্ধে মারা যান কমপক্ষে ১৩ হাজার রুশ সেনা। সিরিয়ায় নিহত রুশ সেনার সংখ্যা কয়েক শ হতে পারে।