সমরাস্ত্র দৌড়ে রাশিয়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারমাণবিক বোমা বহনে সক্ষম রাশিয়ার নতুন প্রজন্মের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম আরএস-২৪ ইয়ারস। ছবি: রয়টার্স
পারমাণবিক বোমা বহনে সক্ষম রাশিয়ার নতুন প্রজন্মের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম আরএস-২৪ ইয়ারস। ছবি: রয়টার্স

রাশিয়ার সাধারণ নির্বাচনকে সামনে রেখে সে দেশের পার্লামেন্টের উভয় কক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া ভাষণে কার্যত সামরিক কোনো বৈশিষ্ট্য বহন করছে না। তিনি মূলত রাশিয়ার নতুন প্রযুক্তির অস্ত্র উদ্ভাবন প্রকল্পের কথা জানান। এমনটাই অবশ্য মনে করছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আসন্ন নির্বাচনের মাধ্যমে পুতিনের চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্স সেন্টারের প্রকাশিত সর্বশেষ জরিপের ফলাফল অনুযায়ী পুতিনের জনপ্রিয়তা ৬৯ দশমিক ১ শতাংশ। তাঁর নিকটবর্তী প্রার্থী কমিউনিস্ট পার্টির পাভেল গ্রুদিনিইন। তাঁকে সমর্থন করছেন ৭ দশমিক ৮ শতাংশ মানুষ।

গত বৃহস্পতিবার রুশ পার্লামেন্টের উভয় কক্ষে শেষ ভাষণ দেন ভ্লাদিমির পুতিন। এ সময় নির্বাচনে জয়ী হলে তিনি কোন কোন খাতকে অগ্রাধিকার দেবেন, তা উল্লেখ করেন। এ ছাড়া তিনি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির তথ্যের সত্যতা নিশ্চিত করেন। পুতিনের ওই ভাষণের পরই এ নিয়ে হইচই পড়ে গেছে বিশ্ব গণমাধ্যমে।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, পারমাণবিক শক্তিধর ক্ষেপণাস্ত্র বিশ্বে পারমাণবিক শক্তির ভারসাম্য সমতা বজায় রাখার নিশ্চয়তা দেয়। এই বিষয়টি পুতিন উল্লেখ করেন।

পশ্চিমা দেশগুলোর বেঁধে দেওয়া চলমান নিষেধাজ্ঞা, রুবলের দরপতন ও অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও পুতিনের সরকার রাশিয়ার সামরিক খাতকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছে। এক যুগেরও বেশি সময় ধরে পুতিনের হাত ধরেই দেশটির সমরশক্তি আরও সুসংহত হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অব্যাহত দরপতন ও রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল থাকার পরও গত বছর সামরিক খাতে ব্যয়ের দিক থেকে রাশিয়া বিশ্বে তৃতীয় স্থানে ছিল। বর্তমানে রাশিয়ার সামরিক ব্যয় সাত হাজার কোটি ডলার। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সামরিক খাতে এটি রাশিয়ার সর্বোচ্চ ব্যয়।

বৃহস্পতিবার পারমাণবিক অস্ত্রকে ঘিরে রুশ প্রেসিডেন্টের ওই ভাষণকে কোনোভাবেই নতুন ইঁদুরদৌড় শুরু হতে যাচ্ছে বলতে নারাজ দিমিত্রি পেসকভ।

রুশ গণমাধ্যমকে দিমিত্রি পেসকভ স্পষ্ট করে বলেন, পুতিনের ওই ভাষণ রকেট প্রতিরক্ষাব্যবস্থা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার কোনো পাল্টা জবাবও নয়; বরং বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন রকেট প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে জোরেশোরে কাজ করছে ওয়াশিংটন।

পেসকোভ উল্লেখ করেন, পার্লামেন্টে দেওয়া ভাষণে রাশিয়ার নতুন সামরিক অস্ত্র তৈরি নিয়ে পুতিন যে বক্তব্য দিয়েছেন, তা কৌশলগত ভারসাম্যকে সমুন্নত রাখার নিশ্চয়তা দেয়, যা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে খুবই দরকার বলে রাশিয়া মনে করে। গণমাধ্যমকে আশ্বস্ত করেই পেসকোভ বলেন, কোনো ধরনের সমরাস্ত্র দৌড়ে রাশিয়ার অংশ নেওয়ার ইচ্ছা নেই।

সামরিক খাত নিয়ে পুতিনের দেওয়া বক্তব্য বিশ্বরাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেসকোভ বলেন, মানবসম্প্রদায়ের জন্য ক্ষতি হতে পারে—এমন উদ্দেশ্য নিয়ে প্রেসিডেন্ট কিছু বলেননি। কোন দৃষ্টিভঙ্গি থেকে পুতিন তাঁর বক্তব্যে সামরিক খাত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বর্ণনা করেছেন, তা মার্কিন টেলিভিশন চ্যানেল এনভিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন।