ভারত মহাসাগরের লা রেউনিয়ঁ দ্বীপে ভেসে আসা বিমানের অংশবিশেষ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ গতকাল বুধবার ফ্রান্সে শুরু হয়েছে। এতে মালয়েশিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজ (এমএইচ৩৭০) নিখোঁজ রহস্যের কিনারা হতে পারে বলে আশা করছে বিশ্ববাসী। খবর এএফপির।
ফ্রান্সের তুলুজ শহরে মালয়েশিয়ার বিশেষজ্ঞদের উপস্থিতিতে ফরাসি গবেষকেরা গতকাল থেকে পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করেছেন।
অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস গতকাল বলেছেন, ভেসে আসা বিমানের অংশটি এমএইচ৩৭০-এর কি না, তা চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হতে পারে। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা নিশ্চিত করেছে, বিমানটির ধ্বংসাবশেষ বাতাস ও ঢেউয়ের মাধ্যমে প্রায় চার হাজার কিলোমিটার দূরের লা রেউনিয়ঁ দ্বীপে যাওয়া সম্ভব।
কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহীসহ গত বছরের ৮ মার্চ বেইজিংয়ের পথে রওনা হওয়ার পর নিখোঁজ হয় এমএইচ৩৭০।