সম্পর্ক পুনঃস্থাপনে মস্কোয় এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এখন মস্কোয়। তিনি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এরদোয়ান বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চান।
গত মাসে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এই প্রথম দেশের বাইরে গেলেন এরদোয়ান।
গত বছরের নভেম্বরে সিরিয়া সীমান্তে তুরস্কের গুলিতে রুশ যুদ্ধবিমান ভূপাতিত হলে মস্কো-আঙ্কারার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দেশ দুটির মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। পরে পুতিনের কাছে এরদোয়ান দুঃখ প্রকাশ করেছেন বলে জানায় ক্রেমলিন।
তুরস্কে অভ্যুত্থানচেষ্টা-পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে পশ্চিমাদের সঙ্গে আঙ্কারার শীতল সম্পর্ক চলছে। অভ্যুত্থানে জড়িত সন্দেহে তুরস্কে চলমান ব্যাপকভিত্তিক অভিযানের নিয়ে পশ্চিমারা প্রশ্ন তুলেছে।
পশ্চিমাদের সমালোচনায় তুরস্ক বেশ ক্ষুব্ধ। এরই ধারাবাহিকতায় মস্কোর দিকে ঝুঁকে পড়ছে আঙ্কারা। এরদোয়ানের মস্কো সফরে পশ্চিমারা বিচলিত।
রাশিয়ার উদ্দেশে তুরস্ক ছাড়ার আগে এরদোয়ান বলেন, পুতিন তাঁর বন্ধু। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করতে চান।
আজ মস্কোয় দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ফের শুরু করার বিষয়টি গুরুত্ব পেতে পারে। আলোচিত হতে পারে পর্যটন ও ভ্রমণ নতুনভাবে শুরু করার বিষয়টি।
সিরিয়া সংকটে রাশিয়া ও তুরস্কের মধ্যকার অবস্থান এখনো বিপরীতমুখী। সেই প্রেক্ষাপটে সিরিয়া সংকট সমাধানে দুই দেশ কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে পুতিন ও এরদোয়ানের মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।