সম্পর্কের পাতা ওল্টাতে প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়াসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি l ছবি: রয়টার্স
প্যারিসে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়াসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি l ছবি: রয়টার্স

ইরান ও ফ্রান্সের মধ্যে ‘নতুন সম্পর্ক’কে স্বাগত জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। প্যারিসে ব্যবসায়িক নেতাদের এক বৈঠকে গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, দুই দেশ এখন সম্পর্কের ‘পাতা ওল্টাতে’ প্রস্তুত। খবর এএফপির।
ইউরোপ সফরের অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট গত বুধবার ইতালিতে পৌঁছান। সেখান থেকে তিনি যান ফ্রান্সে। ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে গত জুলাইয়ে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি মেনে চলায় ১৬ জানুয়ারি তেহরানের ওপর থেকে বিভিন্ন অবরোধ প্রত্যাহারের ঘোষণা আসে। এরপর রুহানির এই সফর এল।
ইরানি প্রেসিডেন্ট গতকাল প্যারিসে পৌঁছালে সামরিক মর্যাদায় তাঁকে স্বাগত জানানো হয়। পরে ব্যবসায়িক নেতাদের ওই বৈঠকে তিনি দুই দেশকেই সম্পর্কের বর্তমান ‘ইতিবাচক পরিবেশ’ কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন সব ক্ষোভ ভুলে যাই। আমরা এখন দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক গড়তে ও সম্পর্কের পাতা ওল্টাতে প্রস্তুত।’
রুহানির এ বক্তব্যের জবাবে ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভালস বলেন, ইরান ফ্রান্সের ওপরে আস্থা রাখতে পারে।
আশা করা হচ্ছে, রুহানির এই সফরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পথ খুলে যাবে। তিনি ইউরোপের শীর্ষ উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০০টি যাত্রীবাহী উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।