রাশিয়ার কোগালিমাভিয়া এয়ারলাইনসের মেট্রোজেট ফ্লাইটের এয়ারবাস এ-৩২১ মিসরের সিনাইয়ের একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের মত দিচ্ছেন। এখন পর্যন্ত যান্ত্রিক ত্রুটি, ক্ষেপণাস্ত্র হামলা এবং বোমা বিস্ফোরণ, এই তিন কারণের কথা উল্লেখ করা হয়েছে।
গত শনিবার মিসরের শারম আল-শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়।
যান্ত্রিক ত্রুটি: ওই বিমানটি ২০০১ সালের একটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের দেওয়া তথ্য অনুযায়ী, ওই বছর কায়রো বিমানবন্দরের রানওয়েতে বিমানটির লেজের অংশ আঘাতপ্রাপ্ত হয়।
যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত শাখার সাবেক জ্যেষ্ঠ তদন্তকারী টনি ক্যাবল বলেছেন, বিমানের লেজের অংশ দুর্বল হলে দুর্ঘটনার কারণ হতে পারে। ক্ষতিগ্রস্ত লেজের অংশ ভুলভাবে মেরামত করার কারণে বড় দুর্ঘটনা ঘটার কমপক্ষে একটি নজির রয়েছে। ১৯৮৫ সালে বিধ্বস্ত হওয়ার সাত বছর আগে জাপান এয়ারলাইনসের ফ্লাইট ১২৩ বিমানটির লেজের অংশ মেরামত করা হয়। বিমানটি বিধ্বস্ত হয়ে মারা যান ৫২০ জন যাত্রী।
তবে গতকাল যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করে দিয়েছে রুশ বিমান সংস্থা। পুতিনের এক মুখপাত্র বলেন, ধারণার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। সম্ভাব্য সব কারণ পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
ক্ষেপণাস্ত্র হামলা: মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অনেক এয়ারলাইনস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে তারা সিনাই উপদ্বীপের ওপর দিয়ে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ওই এলাকাটি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কযুক্ত সংগঠন ‘উইলায়াত সিনাই’-এর নিয়ন্ত্রণে রয়েছে। আইএস বিমানটি ধ্বংস করার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে। তবে মিসর ও রুশ কর্তৃপক্ষ আইএসের ওই দাবি উড়িয়ে দিয়েছে। মিসরের সামরিক মুখপাত্র মোহাম্মদ সামির বলেন, আইএসের ওই দাবির সপক্ষে কোনো প্রমাণ নেই। ভিডিওটিও ভুয়া।
বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ৩১ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল। বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করে বলছেন, ওই উচ্চতায় থাকা কোনো বিমানকে ভূপাতিত করার সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র সিনাইয়ে জঙ্গিদের কাছে থেকে থাকতে পারে।
২০১৪ সালের জুলাইয়ে পূর্ব ইউক্রেনে ভূপাতিত হওয়ার আগে মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ-১৭ বিমানটি উড়ছিল ৩৩ হাজার ফুট ওপর দিয়ে। রাশিয়ার তৈরি বাক ক্ষেপণাস্ত্র দিয়ে সেটি ভূপাতিত করা হয়।
বিস্ফোরণ: একজন জ্যেষ্ঠ রুশ বিমান কর্মকর্তা নিশ্চিত করেছেন, বিমানটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়। সিরিয়ায় অক্টোবর থেকে শুরু করা রুশ বিমান হামলার প্রতিশোধ হিসেবে আইএস বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিমানটি ধ্বংস করে থাকতে পারে বলেও অনেকে ধারণা করছেন।
বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অন্য বিমানবন্দরের মতো শারম আল-শেখ বিমানবন্দরটিতেও কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে। তারপরও বিমানটিতে বোমা রাখার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না।