সম্ভাব্য সন্ত্রাসী হামলা নস্যাৎ করে চারজন পুরস্কৃত

ফ্রান্সের ট্রেনে সম্ভাব্য সন্ত্রাসী হামলা নস্যাৎ করে তিন মার্কিন ও এক ব্রিটিশ পুরস্কৃত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ আজ সোমবার সাহসিকতার জন্য তাঁদের পুরস্কৃত করেন।
প্রেসিডেন্ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘একজন সন্ত্রাসী হামলার সিদ্ধান্ত নিয়েছিল। তার কাছে যথেষ্ট অস্ত্র ও গুলিও ছিল। সে হামলাটা করেই ফেলত; যদি না এই ব্যক্তিরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে পাকড়াও করতেন।’
ফ্রান্সের উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনে অস্ত্রশস্ত্রে সজ্জিত এক ব্যক্তির হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেন ওই ট্রেনে থাকা সাবেক দুই মার্কিন সেনাসদস্যসহ কয়েকজন। আমস্টারডাম থেকে প্যারিসে যাওয়ার পথে গত শুক্রবার বিকেলে অ্যারাঁসের কাছে হাইস্পিড ট্রেন সার্ভিস থ্যালিসে এ ঘটনা ঘটে। আজ ফ্রান্সের প্রেসিডেন্ট ওই দুজনসহ চারজনকে তাদের সাহসিকতার কারণে পুরস্কৃত করেন।
ওই ঘটনার তদন্তে নিয়োজিত কর্মকর্তাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনের টয়লেটে বন্দুকধারীর আগ্নেয়াস্ত্র লোড করার শব্দ শুনতে পেয়েছিলেন সাবেক ওই দুই সেনাসদস্য। তাঁরা বিষয়টি ট্রেনের কয়েক যাত্রীকে জানান। বন্দুকধারী টয়লেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর দিকে ঝাঁপিয়ে পড়েন ওই দুই যাত্রীসহ কয়েকজন।
ফরাসি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন, ২৬ বছর বয়সী সশস্ত্র ওই ব্যক্তি মরক্কোর নাগরিক অথবা মরক্কো বংশোদ্ভূত। ফরাসি শহর আরাঁসে ট্রেনটি থামানোর পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তির কাছে একটি কালাশনিকভ, একটি স্বয়ংক্রিয় পিস্তল এবং একটি ছুরি পাওয়া যায়।
সশস্ত্র ব্যক্তিকে ধরে ফেলা দুই মার্কিন নাগরিক হলেন স্পেনসার স্টোন ও অ্যালেক স্কারলাটোস। যুক্তরাষ্ট্র বলেছে, সশস্ত্র লোকটিকে ধরে ফেলার ফলে একটি ভয়াবহ বিপদ এড়ানো গেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সশস্ত্র ব্যক্তিকে ধরে ফেলায় দুজনকে অভিনন্দন জানিয়েছেন।
সশস্ত্র ব্যক্তির সম্ভাব্য হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী তদন্তকারীরা হামলার চেষ্টাকারী মরক্কোর নাগরিক আইয়ুব আল-কাজানিকে (২৫) জেরা করছেন। কেবল ফ্রান্স নয়, বেলজিয়াম ও স্পেন সরকারও কাজানির পরিচয় জানে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের দপ্তর থেকে বলা হয়েছে, স্পেন কাজানিকে নিরাপত্তাঝুঁকি বলে চিহ্নিত করেছে বলে তাদের জানিয়েছে। গত বছর তিনি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই করতে সিরিয়া গিয়েছিলেন। তবে সিরিয়ায় যাওয়ার আগে কাজানি ফ্রান্সেই থাকতেন।
প্যারিসে গত জানুয়ারি মাসে ১৭ জন নিহত হওয়ার পর ফ্রান্সে জঙ্গিদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।